Connect with us
ক্রিকেট

বিপিএলের পুরস্কারের অর্থ পেয়ে মাঠকর্মীদের সহায়তা করলেন শরিফুল

Shoriful Islam
টুর্নামেন্টসেরার অর্থ পেয়ে মাঠকর্মীদের সহযোগিতা করেছেন শরিফুল। ছবি- বিসিবি

সবশেষ বিপিএলে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন শরিফুল ইসলাম। সবশেষ আসরের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন এই পেসার। ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে তার দল চট্টগ্রাম রয়্যালস হেরে গেলেও টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠে তার হাতেই। এবার পুরস্কারের অর্থ বুঝে পেয়ে মাঠকর্মীদের টাকা দিয়েছেন এই তারকা।

বুধবার (১১ মার্চ) টুর্নামেন্টসেরা পুরস্কারের ১০ লাখ টাকা বুঝে পান শরিফুল। এরপর সেখান থেকে ২ লাখ টাকা মাঠকর্মীদের দেন এই তারকা পেসার।

এর আগে বিপিএলের এক ম্যাচ শেষে অসচ্ছল মানুষদের প্রতি নিজের সহযোগিতার হাত বাড়ানোর বিষয়ে জানান শরিফুল। তিনি ঘোষণা দেন, ম্যাচসেরার প্রাইজমানি দিয়ে অসচ্ছল মানুষদের সহায়তা করবেন। সেই কথা রাখাতে গিয়েই মাঠকর্মীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই তারকা পেসার।



ম্যাচসেরা হয়ে শরিফুল সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘একটা বিষয় আমি বলেছিলাম, যতদিন ক্রিকেট খেলব, ম্যান অফ দ্য ম্যাচ হলে সেই টাকাটা আমার এলাকার যারা একটু অসচ্ছল তাদেরকে দেব। সেই হিসেবে আমার খুবই ভালো লাগছে। আমার এই পুরস্কারের টাকাটা তাদের কাছে যাবে ইনশাল্লাহ।’

এদিকে চলমান বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের স্কোয়াডেও আছেন শরিফুল। আজ (বুধবার) মাঠে গড়ায় সিরিজের প্রথম ওয়ানডে। তবে এই ম্যাচে একাদশে জায়গা হয়নি এই পেসারের।

তবে একাদশে শরিফুল জায়গা না পেলেও হেসেখেলেই জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরে আগে ব্যাট করতে নেমে নাহিদ রানার পেস তাণ্ডব ও মিরাজের স্পিন ঘূর্ণিতে ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে তানজিদ তামিমের দুর্দান্ত ফিফটিতে ৮ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। তাতে সিরিজে ১-০তে লিড পেয়েছে লাল-সবুজের দল। আগামী ১৩ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট