
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সফরকারীদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু করেছে মেহেদি হাসান মিরাজের দল। তাতে ৭ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছে টাইগাররা। সবশেষ জয়টি এসেছিল ২০১৮ এশিয়া কাপে।
আজ (বুধবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নাহিদ-মিরাজদের বোলিং তোপে ৩০.৪ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে সহজে ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের দল।
মিরপুরে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করতে পারেননি সাইফ হাসান। ১০ বলে মাত্র ৪ রান করে শাহিন আফ্রিদির বলে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। তবে তাতে বাংলাদেশের ব্যাটিংয়ে কোনো প্রভাব পড়েনি। এরপর তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত মিলে ৬৭ বলে ৮২ রানের জুটি গড়ে জয়ের পথ সুগম করেন।
শেষদিকে ওয়াসিমের বলে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান শান্ত। তার ব্যাট থেকে আসে ৩৩ বলে ২৭ রান। এরপর লিটনকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তানজিদ তামিম। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। ৪২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ইনিংসটি সাজান এই ওপেনার।

ব্যাট হাতে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তানজিদ তামিম। ছবি- সংগৃহীত
এর আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৪১ রান তুলে নেয় তারা। পাওয়ার প্লের শেষ ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসে উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ রানা। ব্যাকওয়ার্ড পয়েন্টে আফিফের কাছে ক্যাচ দিয়ে ৩৮ বলে ২৭ রান করে ফেরেন অভিষিক্ত ফারহান। এরপরেই মিরপুরে চলতে থাকে নাহিদ রানার ধ্বংসলীলা। পরের চার ওভারে আরও চারটি উইকেট নিয়ে ফাইফার পূর্ণ করেন এই পেসার। তাতে ৬৯ রানেই ৫ উইকেট হারায় পাকিস্তান।
এরপর উইকেট তোলার মিছিলে যোগ দেন মিরাজ। একে একে হুসেইন তালাত (৪), আব্দুল সামাদ (০) এবং শাহিন আফ্রিদির (৪) উইকেট তুলে নেন। এরপর তাসকিনের কল্যাণে ৮২ রানেই নবম উইকেট হারায় পাকিস্তান। ডাক মেরে ফেরেন ওয়াসিম জুনিয়র। তাতে একশ’র আগেই অলআউট হওয়ার শঙ্কায় ছিল সফরকারীরা। তবে শেষদিকে ফাহিম আশরাফের ৪৭ বলে ৩৭ রানের ইনিংসে একশো পেরোতে সক্ষম হয় দলটি।

পাকিস্তানের ব্যাটিংয়ে একাই ধস নামান নাহিদ রানা। ছবি- বিসিবি
বাংলাদেশের হয়ে ৭ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন নাহিদ রানা। মিরাজ ১০ ওভারে ২৯ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন তাসকিন ও মুস্তাফিজ।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ১১৪/১০ (৩০.৪ ওভার)
বাংলাদেশ: ১১৫/২ (১৫.১ ওভার)
ফলাফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৬/বিটি























