Connect with us
ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের পর পরই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দীর্ঘদিন ধরে ওয়ানডের বাইরে থাকা দুদল-ই মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। দীর্ঘদিন পর একাদশে ফিরলেন আফিফ, পারফরম্যান্স করেও বাদ পরলেন সৌম্য।

দীর্ঘ বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। সবশেষ গত ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলেছিল দলটি। প্রায় চার মাস পর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ দিয়ে আবার মাঠে নেমেছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর দুইটা পনেরো মিনিটে শুরু হয়েছে ম্যাচটি। তিন ম্যাচের এই সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সামনে রয়েছে দুই হাজার সাতাশ সালের একদিনের বিশ্বকাপ।



আসন্ন বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে একদিনের র‌্যাংকিংয়ের শীর্ষ আটটি দল। এর সঙ্গে স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া সরাসরি খেলবে। তবে দক্ষিণ আফ্রিকা যদি শীর্ষ আটে থাকে, তাহলে র‌্যাংকিংয়ের সেরা নয়টি দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। বর্তমানে বাংলাদেশের অবস্থান দশম, তাই সামনে থাকা সিরিজগুলোতে ভালো ফল করা গুরুত্বপূর্ণ।

এখন পর্যন্ত একদিনের ক্রিকেটে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হয়েছে ৩৯ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে পাঁচ ম্যাচে, পাকিস্তানের জয় ৩৪টিতে। বাংলাদেশের পাঁচ জয়ের চারটিই এসেছে ২০১৫ সালে।

বাংলাদেশের মাটিতে পাকিস্তান সর্বশেষ একদিনের সিরিজ খেলেছিল ২০১৫ সালে। সেই সিরিজে তিন ম্যাচেই জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এরপর গত বছর তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল পাকিস্তান, সেখানেও ২–১ ব্যবধানে সিরিজ হারে তারা।

গুরুত্বপূর্ণ এই সিরিজে অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েই দল সাজিয়েছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ম্যাচের আগে জানান, সামনে বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভালো ব্যাটিং উইকেটে খেলার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট