
বাংলাদেশ–পাকিস্তান একদিনের সিরিজ ঘিরে তরুণ ও সুবিধাবঞ্চিত ক্রিকেটারদের জন্য একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সিরিজে দুই দলের করা প্রতি ১০০ রানের বিপরীতে ১০টি করে ক্রিকেট কিট দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
জাতীয় দলের জার্সির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রবি এই উদ্যোগ নিয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিজে যত রান হবে, তার ভিত্তিতে দেশের বিভিন্ন ক্রিকেট একাডেমির তরুণ ও সুবিধাবঞ্চিত ক্রিকেটারদের মধ্যে কিট বিতরণ করা হবে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রতি ১০০ রানের জন্য ১০টি করে ব্যাগভর্তি ক্রিকেট সরঞ্জাম দেওয়া হবে। এই কিটগুলো পাবে তৃণমূল পর্যায়ের ক্রিকেটাররা, যারা সুযোগের অভাবে প্রয়োজনীয় সরঞ্জাম পায় না।
এই কর্মসূচিতে শুধু রবি নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও যুক্ত রয়েছে। দুই পক্ষের যৌথ উদ্যোগে দেশের তৃণমূল ক্রিকেটকে সহায়তা করার লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর আগে গত একদিনের বিশ্বকাপেও এমন একটি উদ্যোগ দেখা গিয়েছিল। সেখানে প্রতিটি ১০০ রানের জন্য তৃণমূল ক্রিকেটারদের কিট দেওয়া হয়েছিল। তবে বাংলাদেশে এই ধরনের উদ্যোগ এবারই প্রথম দেখা যাচ্ছে।
তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে গত ৮ মার্চ ঢাকায় এসেছে পাকিস্তান দল। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল দুপুর দুইটা পনেরো মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। একই মাঠে ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ।
এদিকে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। আগামীকাল বুধবার শুরু হচ্ছে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম খেলা। এই সিরিজ শেষ হলেই ছুটিতে যাবেন ক্রিকেটাররা।
সিরিজের আগে ক্রিকেটারদের জন্য ঈদ উপহারের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগেরবারের মতো এবারও জাতীয় দলের ক্রিকেটাররা বোর্ডের পক্ষ থেকে ঈদ সামগ্রী পাচ্ছেন। জানা গেছে, মোট ৩০ জন ক্রিকেটারকে এই উপহার দেওয়া হবে।
শুধু ক্রিকেটাররাই নন, তাঁদের পরিবারের সদস্যদের জন্যও রাখা হয়েছে উপহার। ক্রিকেটারদের স্ত্রীদের জন্য আলাদা উপহার থাকছে। আর সন্তানদের জন্য দেওয়া হবে চকলেট। প্রতিটি ক্রিকেটারের জন্য প্রায় ১০ হাজার টাকা করে বাজেট ধরা হয়েছে।
ক্রিফোস্পোর্টস/১০মার্চ২৬/টিএ





















