
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে শুরুটা প্রত্যাশামাফিক হয়নি মেহেদি হাসান মিরাজের। নাজমুল হোসেন শান্তর অধীনে বাজে পারফরম্যান্সের পর ওয়ানডে দলের নেতৃত্ব তুলে দেওয়া হয় তার হাতে। তবে অধিনায়ক হিসেবে এখনো সুবিধা করতে পারেননি মিরাজ। তার অধীনে দলের হারই বেশি। তবে অধিনায়ক হিসেবে আরও সময় চান এই অলরাউন্ডার।
আগামীকাল (বুধবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে আজ (মঙ্গলবার) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। এ সময় নিজের অধিনায়কত্বের পাশাপাশি এই সিরিজে দলের প্রত্যাশা নিয়ে কথা বলেন এই অলরাউন্ডার।
অধিনায়কত্ব নিয়ে মিরাজ বলেন, ‘আমার মনে হয়, যাকেই অধিনায়কত্ব দেওয়া হোক, তাঁকে সময় দিতে হবে। তাহলে একটি দলকে সুন্দরভাবে তৈরি করা সম্ভব। এই বিষয়গুলো অবশ্যই বোর্ড দেখবে। এগুলো তাদেরই সিদ্ধান্ত। যতদিন দায়িত্বে আছি, আমি আমার ভূমিকা পালন করে যাবো। আমি দলটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব।’
এর আগে গত বছর শ্রীলঙ্কা সিরিজ দিয়ে দলের নিয়মিত অধিনায়ক হিসেবে অভিষেক ঘটে মিরাজের। এই সময়ে তিনটি সিরিজ মিলিয়ে ৯ ম্যাচের ৩টিতে জয়ের দেখা পেয়েছে টাইগাররা। সবশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে তার আগে আফগানিস্তানের বিপক্ষে ৩-০তে হোয়াইটওয়াশ এবং শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল মিরাজের দল।
এদিকে আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০এ নেমে যাওয়ায় সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে মিরাজ এখন তাকিয়ে সরাসরি বিশ্বকাপ খেলায়। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজে ভালো করে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চায় টাইগাররা। তাই এই সিরিজটি বেশ গুরুত্বের সাথে দেখছেন মিরাজ।
মিরাজের বলেন, ‘আমার মনে হয়, আমাদের জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দলের জন্য, বাংলাদেশের জন্য এই সিরিজটা গুরুত্বপূর্ণ। কারণ, সামনে বিশ্বকাপ রয়েছে। যে–ই অধিনায়ক থাকুক না কেন, তার কাছে প্রথম প্রাধান্য হবে বাংলাদেশ। একইসঙ্গে সামনের বিশ্বকাপে জায়গা করাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’
আগামীকাল (১১ মার্চ) মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ১৩ ও ১৫ মার্চ যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ দুপুর সোয়া দুইটায় শুরু হবে।
ক্রিফোস্পোর্টস/১০মার্চ২৬/বিটি





















