
টানা দ্বিতীয়বার টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তাঁর মতে, পুরো প্রতিযোগিতায় যেভাবে খেলেছে ভারত, তাতে শিরোপা পাওয়ার যোগ্য ছিল দলটি।
ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ভারত। এই জয়ের মাধ্যমে টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ে দলটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় আফ্রিদি বলেন, তাঁর দৃষ্টিতে ভারত এই শিরোপার যোগ্য দল। তিনি বলেন, পুরো প্রতিযোগিতায় ভারতের দলীয় সমন্বয় ছিল খুবই শক্তিশালী। এমনকি মূল একাদশের বাইরে থাকা খেলোয়াড়রাও সমানভাবে প্রস্তুত ছিল। প্রয়োজন হলে তাদের যেকোনো সময় দলে নেওয়া সম্ভব ছিল, যা দলের জন্য বড় শক্তি হয়ে উঠেছে।
ভারতের জয়ের পেছনে বোলার জাসপ্রিত বুমরার ভূমিকার কথাও উল্লেখ করেন আফ্রিদি। তাঁর মতে, অনেক দিন ধরেই বুমরাহ ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে যাচ্ছেন। নতুন বল কিংবা পুরোনো বল, সব পরিস্থিতিতেই তিনি কার্যকর। আফ্রিদির মতে, বর্তমান সময়ে তিনি বিশ্বের অন্যতম সেরা বোলার।
এ ছাড়া ভারতের ব্যাটার সঞ্জু স্যামসনের পারফরম্যান্সেরও প্রশংসা করেন আফ্রিদি। তাঁর মতে, ফাইনালে স্যামসনের ব্যাটিং ছিল দারুণ। পাশাপাশি অভিষেক শর্মা ও ঈশান কিশানের পারফরম্যান্সের কথাও উল্লেখ করেন তিনি। সুযোগ পেয়ে এই তরুণরা দায়িত্বশীলভাবে খেলেছে এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
এই শিরোপা জয়ের মাধ্যমে তৃতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। এর আগে তারা ২০০৭ ও ২০২৪ সালেও এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিল।
ক্রিফোস্পোর্টস/১০মার্চ২৬/টিএ























