
ওয়ানডে ক্রিকেটকে বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে ‘প্রিয় সংস্করণ’। তবে গত কয়েক বছর ধরে এই ফরম্যাটে বাজে খেলছে বাংলাদেশ। ফলে ওয়ানডে র্যাঙ্কিংয়েও বেশ অবনতি হয়েছে টাইগারদের। লম্বা সময় সেরা আটের মধ্যে অবস্থান করা টাইগাররা গত বছর ১০তম স্থানে নেমে গেছে।
মূলত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকেই বাংলাদেশের অবনতি শুরু হয়েছে। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি লাল-সবুজের দল। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে কোনো জয় ছাড়াই বিদায় নেয় বাংলাদেশ। গেল বছর তিনটি ওয়ানডে সিরিজের দুটিতেই হেরেছে টাইগাররা। তাতে র্যাঙ্কিংয়েও অবনতি হয়ে ১০তম স্থানে নেমে গেছে লাল-সবুজের দল। ফলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ওয়ানডেতে বাংলাদেশের পুরোনো জৌলুস ফিরিয়ে আনতে চান প্রধান কোচ ফিল সিমন্স। শুধু বিশ্বকাপে সরাসরি খেলা নয়, দলকে আগের অবস্থানে নিয়ে যেতে দলের প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করেছেন এই ক্যারিবিয়ান কোচ।
পাকিস্তান সিরিজ সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে এসে সিমন্স বলেন, ‘শুধু বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে আমরা চিন্তা করছি না। আমরা ওয়ানডে ক্রিকেটে আরও ভালো করতে চাই। কয়েক বছর আগে বাংলাদেশ ওয়ানডেতে অনেক দারুণ ছিল। তখন দলে সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার ছিল। দলে এখন অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। আমরা তাদের নিয়ে কাজ করতে চাই। দলকে আগের অবস্থায় ফেরাতে চাই।’
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে র্যাঙ্কিংয়ে সেরা ৯ দলের মধ্যে জায়গা করে নিতে হবে বাংলাদেশকে। ঘরের মাঠে পাকিস্তান সিরিজ দিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ রয়েছে। পাকিস্তানকে সিরিজ হারালেই একধাপ এগিয়ে নয়ে উঠে যাবে লাল-সবুজের দল। তবে শুধু র্যাঙ্কিংয়ে উন্নতি করে কোয়ালিফাই করাই তার লক্ষ্য নয়, ভালো ক্রিকেট খেলে দলকে সামনের দিকে এগিয়ে নিতে চান এই কোচ।
সিমন্স বলেন, ‘আমরা র্যাঙ্কিংয়ে ওপরের দিকে উঠতে চাই। সরাসরি কোয়ালিফাইয়ের বিষয় না। যদি সরাসরি বিশ্বকাপ খেলতে পারি, তাহলে তো ভালো। কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলে আরও উন্নতি করতে চাই।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে এসেছে পাকিস্তান দল। আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ যথাক্রমে সিরিজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/৯মার্চ২৬/বিটি























