
আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। টানা বাজে পারফরম্যান্সের কারণে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে গেছে টাইগাররা। বিশ্বকাপে সরাসরি অংশ নিতে র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করতে হবে লাল-সবুজদের। আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ রয়েছে মেহেদি হাসান মিরাজদের সামনে।
বর্তমানে র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬। অন্যদিকে পাকিস্তান অবস্থান করছে ৪ নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ১০৫। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ৭৭ রেটিং নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে তারা। পাকিস্তান সিরিজ দিয়ে ক্যারিবিয়ানদের টপকে যাওয়ার সুযোগ রয়েছে টাইগারদের সামনে।
পাকিস্তানকে ৩-০ তে সিরিজ হারাতে পারলে সহজেই ওয়েস্ট ইন্ডিজকে টপকে নবম স্থানে উঠে আসবে বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশের রেটিং হবে ৮১। আর পাকিস্তানের রেটিং পয়েন্ট ৫ কমে হবে ১০০। তবে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। কেননা পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ৯৮।
বাংলাদেশ যদি প্রথম দুই ম্যাচ জিতে এবং শেষ ম্যাচে হেরে ২-১ ব্যবধানে সিরিজটি জিতে নেয়, তখন বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৮০। ফলে একধাপ এগিয়ে নবম স্থানে উঠে আসবে টাইগাররা। আর পাকিস্তানের রেটিং কমে হবে ১০১। যদি প্রথম এবং শেষ ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ, কিংবা প্রথম ম্যাচ হেরে পরের দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ জেতে, সেক্ষেত্রে বাংলাদেশের রেটিং হবে ৭৯। তাতেও র্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি হবে লাল-সবুজদের।
কিন্তু বাংলাদেশ যদি পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হেরে যায়, তখন রেটিং পয়েন্ট ২ কমে হবে ৭৪। তবে তাতে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। কেননা ১১তম স্থানে থাকা জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট ৫৪। বাংলাদেশকে ৩-০ তে সিরিজ হারালে পাকিস্তানের অবস্থানেও কোনো পরিবর্তন হবে না। তখন ১০৬ রেটিং নিয়েও চারেই অবস্থান করবে দলটি। তিনে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১০৯।
তবে বাংলাদেশ একটি ম্যাচ জিততে পারলে ১ রেটিং পয়েন্ট বাড়বে। তখন ওয়েস্ট ইন্ডিজের সমান ৭৭ রেটিং নিয়েও ১০তম স্থানেই থাকবে টাইগাররা।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। বিশ্বকাপে সরাসরি খেলবে আসরের আয়োজক দেশ ছাড়া র্যাঙ্কিংয়ের সেরা ৮ দল। বর্তমানে দক্ষিণ আফ্রিকার অবস্থান র্যাঙ্কিংয়ের সেরা আটের মধ্যে। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ের সেরা ৯টি দল (স্বাগতিক দেশসহ) সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। এই সময়ে র্যাঙ্কিংয়ে সেরা ৯ দলের মধ্যে জায়গা করে নিলেই বিশ্বকাপে সরাসরি খেলতে পারবেন শান্ত-মিরাজরা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ ভোরেই বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ১১ মার্চ মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে ১৩ ও ১৫ মার্চ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচ দুপুর সোয়া দুইটায় শুরু হবে।
ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৬/বিটি























