
নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এক বিরল ইতিহাস গড়েছেন পেসার ব্রেট র্যানডেল। প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৪ বছরের ইতিহাসে টানা পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়া প্রথম বোলার হিসেবে রেকর্ড গড়েছেন তিনি।
প্লাঙ্কেট শিল্ডে রবিবার সেন্ট্রাল ডিসট্রিক্ট দলের হয়ে নর্দান ডিস্ট্রিক্টের বিপক্ষে চার দিনের ম্যাচে এই কীর্তি গড়েন র্যান্ডেল। নেপিয়ারের ম্যাকলেন পার্ক মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। যদিও মাঠে অল্পসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
ক্রিকেট পরিসংখ্যান সংস্থা এসোসিয়েশন অব ক্রিকেট স্ট্যাটিস্টিকসিয়ান্স এন্ড হিস্টোরিয়ান্স (Association of Cricket Statisticians and Historians) এর রেকর্ড অনুযায়ী, ১৭৭২ সালে অনুষ্ঠিত প্রথম নথিভুক্ত প্রথম শ্রেণির ম্যাচের পর থেকে এমন ঘটনা আর কখনও ঘটেনি।

এভাবে পরপর ৫টি উইকেট শিকার করেন র্যানডেল।
র্যান্ডেলের ডানহাতি সিম বোলিংয়ে নর্দার্ন ডিস্ট্রিক্টসের টপ অর্ডার কার্যত ধসে পড়ে। ৩০ বছর বয়সী এই পেসার তার দ্বিতীয় ওভারের শেষ বলে হেনরি কুপারকে বোল্ড করেন। এরপর তৃতীয় ওভারের প্রথম বলেই আউট করেন আরেক ওপেনার ও সাবেক নিউজিল্যান্ড টেস্ট ব্যাটসম্যান জিত রাভালকে।
এরপর টানা আরও তিন বলে তিনটি উইকেট পড়ে। এর মধ্যে রেকর্ড গড়া পঞ্চম বলটিতে আন্তর্জাতিক অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক বোল্ড হয়ে যান।

২৫৪ বছরের ইতিহাসে প্রথমবার লেখা হলো ব্রেট র্যানডেলের এই কীর্তি।
র্যান্ডেল তার পরের ওভারেও আরও দুটি উইকেট তুলে নেন। ফলে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের ৩৭৩ রানের জবাবে নর্দার্ন ডিস্ট্রিক্টস মাত্র ৮২ রানে অলআউট হয়ে যায়।
ম্যাচে র্যান্ডেলের বোলিং ফিগার দাঁড়ায় ৭ উইকেটে ২৫ রান, যা তার নয় বছরব্যাপী ৩৮ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স।
ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৬/এজে






















