
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। রোববার ভোর সাড়ে চারটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন পাকিস্তানের ক্রিকেটাররা। বিমানবন্দরে পৌঁছানোর পর সেহরি শেষ করে তারা সেখান থেকে দলীয় আবাসনে চলে যান।
আজ বিশ্রাম নেওয়ার পর আগামীকাল থেকে অনুশীলন শুরু করবে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি। এরপর ১১, ১৩ ও ১৫ মার্চ তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
বাংলাদেশে আসার আগে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান বলেন, বাংলাদেশের মাঠে খেলাটা সব সময়ই কঠিন। নিজেদের মাঠে বাংলাদেশ ভালো খেলে এবং এখানকার পরিবেশও তাদের সহায়তা করে। তবে পাকিস্তান দলের কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আগে বাংলাদেশে খেলেছেন। তাদের অভিজ্ঞতা দলের জন্য কাজে আসবে বলে মনে করেন তিনি। পাশাপাশি তরুণ খেলোয়াড়রাও তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে বলে জানান রিজওয়ান।
এর আগে শনিবার ঢাকায় পৌঁছান পাকিস্তান দলের প্রধান প্রশিক্ষক মাইক হেসনসহ প্রশিক্ষক দলের পাঁচ সদস্য। মূল সূচি অনুযায়ী পাকিস্তান দলের ৯ মার্চ বাংলাদেশে আসার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
শেষ পর্যন্ত সেই শঙ্কা কাটিয়ে নির্ধারিত সূচিতে সামান্য পরিবর্তন এনে একদিন আগেই ঢাকায় আসে পাকিস্তান দল।
পাকিস্তান দল : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা ও শামিল হুসাইন।
উল্লেখ্য, সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে এসেছে পাকিস্তান ক্রিকেট দলন সেখানে তারা আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি। গ্রুপ পর্ব থেকে সুপার এইটে উঠলেও সেখান থেকে বাদ পড়ে দল। যদিও ফরম্যাট ভিন্ন তবুও বাংলাদেশ সিরিজ দিয়ে ফর্মে ফিরতে চাইবে পাকিস্তান দল।
ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৬/টিএ






















