
রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মহাকাব্যিক লড়াইয়ের অপেক্ষা করছে ক্রিকেট বিশ্ব। একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত— প্রথম দল হিসেবে যাদের সামনে টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার হাতছানি; অপরদিকে প্রথম বিশ্বকাপ ট্রফির খোঁজে মরিয়া নিউজিল্যান্ড।
ভারতের অপরাজেয় যাত্রা বনাম কিউইদের লড়াকু মানসিকতা— কার হাতে উঠবে এবারের বিশ্বকাপ ট্রফি?
পরিসংখ্যান বলছে, বর্তমান ভারতীয় টি-টোয়েন্টি দলটি সর্বকালের সেরা। ২০২৩ সালের আগস্ট থেকে তারা ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে কোনো সিরিজ হারেনি। ২০২৪ সালের চ্যাম্পিয়ন এই দলে অভিষেক শর্মা ও তিলক বর্মার মতো তরুণ আর বরুণ চক্রবর্তীর মতো স্পিনার যুক্ত হওয়ায় ভারত আরও ভয়ংকর হয়ে উঠেছে। কিন্তু ক্রিকেটের নির্মম নিয়ম—শিরোপা না জিতলে এই কৃতিত্ব আড়ালে পড়ে যাবে।
এদিকে ভারত এই আসরে বেশ কয়েকবার তাদের কৌশলে পরিবর্তন এনেছে। শুভমান গিলের পরিবর্তে ঈশান কিষাণ এবং টুর্নামেন্টের মাঝে সঞ্জু স্যামসনকে ফিরিয়ে আনা— প্রতিটি সিদ্ধান্তই দলের কাজে লেগেছে।
অন্যদিকে নিউজিল্যান্ড তাদের চিরায়ত শান্ত স্বভাব ধরে রেখে নীরবে কাজ সেরে নিয়েছে। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিরোপা জিততে তিনি ভারতীয়দের হৃদয় ভাঙতেও দ্বিধাবোধ করবেন না।
বুমরাহ বনাম মিচেল
ফাইনালে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন ভারতের জাসপ্রিত বুমরাহ। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ডেথ ওভারে তার নিয়ন্ত্রিত বোলিং ভারতের জয়ের পথ সহজ করেছিল। তবে কিউই শিবিরে আছেন ড্যারিল মিচেল, যার রেকর্ড বুমরাহর বিপক্ষে দুর্দান্ত। বুমরাহর বোলিংয়ে ২০০ স্ট্রাইক রেটে রান তোলা মিচেলই হতে পারেন ভারতের প্রধান মাথা ব্যথার কারণ।
পিচ ও একাদশ
আহমেদাবাদের লাল ও কালো মাটির মিশ্রিত পিচে রানের বন্যা হওয়ার সম্ভাবনা বেশি। এখানে রান তাড়া করা দলগুলো কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকে। ভারত তাদের একাদশে বরুণ চক্রবর্তীর বদলে কুলদীপ যাদবকে নিতে পারে, কারণ বরুণের সাম্প্রতিক ফর্ম কিছুটা চিন্তার কারণ।
ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিষাণ, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী/কুলদীপ যাদব।
অন্যদিকে নিউজিল্যান্ড অলরাউন্ডার জিমি নিশামের বদলে বিশেষজ্ঞ বোলার হিসেবে জ্যাকব ডাফিকে খেলানোর কথা ভাবছে।
ফাইনালে নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ
টিম সাইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কোল ম্যাককনকি, জিমি নিশাম/জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন।
বিশ্বকাপের নকআউটে শেষ চার ম্যাচে ভারত ও নিউজিল্যান্ড ২-২ সমতায় আছে। অপেক্ষা রোববারের ফাইনালের মহারণের।
ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৬/এসএ
























