Connect with us
ফুটবল

নারী এশিয়ান কাপে ভারতের জালে ১১ গোল দিল জাপান

India W vs Japan W_AFC Women's Asian Cup
ভারতকে ১১-০ গোলে উড়িয়ে দিল জাপান। ছবি- এএফসি

নারী এশিয়ান কাপে ভারতকে গোলবন্যায় ভাসাল জাপান। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৬৭ নম্বর অবস্থানে থাকা ভারতকে ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে ৮ নম্বরে অবস্থান করা এশিয়ার পরাশক্তি দলটি। তাতে নারী এশিয়ান কাপে টানা দুই ম্যাচে হারল ভারত।

আজ (শনিবার) ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে এই লজ্জাজনক হার দেখেছে ভারত। জাপানের দুই ফুটলারের হ্যাটট্রিকে রীতিমতো উড়ে গেছে দলটি। জাপানের হয়ে হ্যাটট্রিক করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার হিনাতা মিয়াজাওয়া ও ওয়েস্ট হ্যামের ফরোয়ার্ড রিকো উয়েকি।

এদিন পার্থ রেক্টেঙ্গুলার স্টেডিয়ামে লিড নিতে বেশি সময় নেয়নি জাপান। ম্যাচের চতুর্থ মিনিটেই যুজুকি ইয়ামামোতোর গোলে এগিয়ে যায় দলটি। মিনিট দশেক পরেই লিড বাড়িয়ে নেয় জাপান। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন যুই হাসেগাওয়া। ম্যাচের ২০ মিনিটেই স্কোরলাইন দাঁড়ায় ৩-০।



জাপানের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে যায় ভারত। বিরতিতে যাওয়ার আগে আরও দুটি গোল হজম করে তারা। ম্যাচের ৩৫তম মিনিটে চতুর্থ গোলটি করেন মিয়াজাওয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে উয়েকি গোলে ৫-০ তে এগিয়ে বিরতিতে যায় জাপান।

বিরতির পর দ্বিতীয়ার্ধেও পাল্টায়নি ম্যাচের দৃশ্যপট। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মধ্যে ভারতের জালে আরও তিনটি গোল দেয় জাপান। তাতে ম্যাচের ৫৫ মিনিটেই ৮-০ গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের ৬২তম মিনিটে নবম গোলের দেখা পায় জাপান। এরপর ৬৫তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন উয়েকি। ম্যাচের শেষদিকে ৮১তম মিনিটে ১১তম গোলের মধ্য দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন আরেক ফুটবলার মিয়াজাওয়া। শেষ পর্যন্ত ১১-০ গোলে বিশাল জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জাপান।

এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে জাপান। সমান ৩ পয়েন্ট নিয়ে যথাক্রমের দুই ও তিনে অবস্থান করছে চাইনিজ তাইপে ও ভিয়েতনাম। কোনো জয় না পাওয়া ভারতের অবস্থান টেবিলের তলানিতে।

ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল