
পশ্চিম এশিয়ায় ইসরায়েল ও ইরানের সংঘাতের কারণে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় টি–টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারত ছাড়তে পারেনি তিনটি ক্রিকেট দল। কয়েক দিন ধরে ভারতে আটকে ছিল ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। অবশেষে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহান্তেই তিন দল ভারত ছাড়বে।
ক্রিকেটবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, শনিবার সন্ধ্যায় মুম্বাই থেকে বিশেষ বিমানে ভারত ছাড়বে ইংল্যান্ড দল। অন্য একটি বিশেষ বিমানে দেশ ছাড়বে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এই দুই দল বর্তমানে কলকাতায় অবস্থান করছে।
ইংল্যান্ড দল সরাসরি লন্ডনের উদ্দেশে যাত্রা করবে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ প্রথমে যাবে জোহানেসবার্গে। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ দল নিজ দেশে ফিরে যাবে। দুই দলের যাত্রার সঠিক সময় এখনো জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, রোববারের মধ্যেই তারা রওনা দেবে।
এদিকে দক্ষিণ আফ্রিকা দলের কয়েকজন ক্রিকেটার ও দলের ব্যবস্থাপনা সদস্য রোববার নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবেন। তাদের মধ্যে আছেন কেশব মহারাজ, জেসন স্মিথ ও জর্জ লিন্ডে। আগামী ১৫ মার্চ শুরু হতে যাওয়া সীমিত ওভারের সিরিজে অংশ নিতে তারা সেখানে যাচ্ছেন।
টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর থেকেই দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল কলকাতায় অবস্থান করছে। গত ৪ মার্চ প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। এর আগে ১ মার্চ সুপার এইটের শেষ ম্যাচে ভারতের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের।
ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৬/টিএ























