
টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে আহমেদাবাদে হোটেল পরিবর্তন করেছে ভারতীয় ক্রিকেট দল। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের পেছনে কুসংস্কার এবং অতীতের কিছু অভিজ্ঞতা কাজ করেছে বলে জানা গেছে।
ফাইনাল ম্যাচের জন্য এখন প্রস্তুতি নিচ্ছে ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলীয় পরিবেশ ও প্রস্তুতিকে ইতিবাচক রাখতে নানা বিষয় খেয়াল রাখা হচ্ছে। এর অংশ হিসেবেই হোটেল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিশ্বকাপ চলাকালে ভারত যে শহরে ম্যাচ খেলেছে, সেখানেই দলের সাপোর্ট স্টাফদের একজন মন্দিরে গিয়ে পূজা করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এছাড়া সেমিফাইনালের আগে চন্দ্রগ্রহণের কারণে মুম্বাইয়ে নির্ধারিত সময়ের প্রায় ৪৫ মিনিট পরে অনুশীলন শুরু করেছিল ভারতীয় দল।
এবার ফাইনালের আগে আহমেদাবাদে হোটেল পরিবর্তনের সিদ্ধান্তও এসেছে একই ধরনের ভাবনা থেকে। যদিও এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বা টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
ভারতীয় দলের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রের দাবি, অতীতের দুটি ম্যাচের অভিজ্ঞতা এই সিদ্ধান্তের পেছনে প্রভাব ফেলেছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগে এবং চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে একই হোটেলে ছিল ভারতীয় দল। দুটি ম্যাচেই পরাজয় দেখেছিল তারা।
সেই কারণেই এবার ফাইনালের আগে একই হোটেলে থাকতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। ঝুঁকি এড়াতেই নতুন হোটেলে ওঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম নিয়েও ভারতীয় ক্রিকেটে নানা আলোচনা রয়েছে। অনেকের মতে এই মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত প্রত্যাশিত ফল পায়নি। তবে ফাইনালে ভালো ফল করে সেই ধারণা বদলে দেওয়ার সুযোগ রয়েছে সূর্যকুমার যাদবদের সামনে।
ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। শিরোপা জিততে পারলে শুধু ট্রফিই নয়, এই মাঠ ও হোটেল নিয়ে চলা নানা আলোচনারও অবসান ঘটাতে পারবে ভারতীয় দল।
ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৬/টিএ






















