
মার্কিন ও ইসরাইলের যৌথ হামলার পর ফুঁসে উঠেছে ইরান। এমনকি ওই হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হামলার পর আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে ইরান জাতীয় ফুটবল দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গত শনিবার থেকে শুরু হওয়া হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েলি ও মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সোমবার সকাল পর্যন্ত ইরানে অন্তত ৫৫৫ জন এবং ইসরায়েলে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া তিনজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন এবং অঞ্চলের অন্যান্য দেশে আরও ৩৮ জন প্রাণ হারিয়েছেন।
এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজিত হবে কানাডা-মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। ইরানের গ্রুপপর্বের সব ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে চলমান সংঘাত অব্যাহত থাকলে টুর্নামেন্টের আয়োজন ও ইরানের অংশগ্রহণ—দুই বিষয়ই প্রশ্নের মুখে পড়তে পারে।
বিশ্বকাপের সূচি ও ইরানের ম্যাচসমূহ
বিশ্বকাপ শুরু হবে ১১ জুন মেক্সিকোতে। পরদিন কানাডা ও যুক্তরাষ্ট্র তাদের প্রথম ম্যাচ আয়োজন করবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে, নিউইয়র্কের কাছে।
ইরান ‘গ্রুপ জি’-তে রয়েছে। তাদের সঙ্গে একই গ্রুপে আছে বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। ইরানের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা।
গ্রুপপর্বে ইরানের সূচি
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
| ১৫ জুন | ইরান বনাম নিউজিল্যান্ড | লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম |
| ২১ জুন | ইরান বনাম বেলজিয়াম | লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম |
| ৬ জুন | ইরান বনাম মিশর | সিয়াটল স্টেডিয়াম |
ইরান কী বিশ্বকাপ বয়কট করবে?
ইরান আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়নি। তবে দেশটির এক শীর্ষ ফুটবল কর্মকর্তা স্বীকার করেছেন, দলের অংশগ্রহণ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
ইসলামিক রিপাবলিক অব ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) সভাপতি মেহদী তাজ রোববার স্থানীয় ক্রীড়া পোর্টালকে বলেন, “এই হামলার পর আমরা বিশ্বকাপ নিয়ে আশাবাদী হতে পারি—এমনটা আশা করা যায় না।”
দেশটি টুর্নামেন্টে অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ মুহূর্তে সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়, তবে অবশ্যই এর প্রতিক্রিয়া থাকবে।”
তিনি আরও জানান, বিষয়টি দেশের উচ্চপর্যায়ের ক্রীড়া কর্মকর্তারা পর্যালোচনা করবেন এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ক্রিফোস্পোর্টস/২মার্চ২৬/এনজি
























