
ক্রিকেটের নন্দনকানন সাক্ষী থাকলো আরও এক মহাকাব্যিক লড়াইয়ের। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। রুদ্ধশ্বাস এই জয়ের নায়ক সঞ্জু স্যামসন, যার অপরাজিত ৯৭ রানের ইনিংস কেবল ভারতকে জেতালই না বরং যোগ্য জবাব দিলো সব সমালোচনার।
রোববারের ম্যাচে টস জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ। রস্টন চেজ (৪০) এবং শাই হোপের (৩২) ব্যাটে ভর করে বড় রানের ভিত গড়ে তারা। শেষ দিকে শিমরন হেটমায়ার (২৭), জেসন হোল্ডার (৩৭) এবং রভম্যান পাওয়েলের (৩৪) ঝোড়ো ইনিংস ভারতকে ১৯৬ রানের বিশাল টার্গেট দেয়। ভারতের পক্ষে জসপ্রীত বুমরাহ ২টি উইকেট শিকার করেন।
বিশাল রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার। ওপেনার অভিষেক শর্মা ১০ রান করে বিদায় নেন। এরপর দ্রুত রান তোলার প্রচেষ্টায় ইশান কিশানও (১০) প্যাভিলিয়নে ফেরেন। মাত্র ২৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
ঠিক সেই মুহূর্তেই ইনিংসের হাল ধরেন সঞ্জু স্যামসন। তাকে যোগ্য সঙ্গ দেন সূর্যকুমার যাদব। ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করলেও ১৮ রান করে আউট হন সূর্য। এরপর তিলক বর্মা এসে ইনিংসের গতি বাড়ান। ১৫ বলে ২৭ রানের এক ক্যামিও খেলে তিলক আউট হলে হার্দিক পান্ডিয়া (১৭) সঞ্জুর সঙ্গে জুটি বেঁধে ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান।
ম্যাচের শেষ ২ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৭ রান। হার্দিক আউট হওয়ায় সাময়িকভাবে চাপ বাড়লেও, শিবম দুবে এসে দুটি চার মেরে চাপ কমিয়ে দেন। শেষ ওভারে দরকার ছিল মাত্র ৭ রান। ইডেনের গ্যালারিকে উৎসবে ভাসিয়ে পর পর ছয় ও চার মেরে ম্যাচ ফিনিশ করেন সঞ্জু স্যামসন। ৫০ বলে ৯৭ রানের অপরাজিত এক ইনিংস খেলে সমালোচকদের মুখ বন্ধ করে মাঠ ছাড়েন এই কেরালাইট ব্যাটার।
সুপার এইটের এই রুদ্ধশ্বাস জয়ের ফলে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা টিম ইন্ডিয়া এবার সেমিফাইনালে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের।
ক্রিফোস্পোর্টস/২মার্চ২৬/এসএ






















