
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ‘ডু অর ডাই’ ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে গ্রুপ ‘ওয়ানের’ শেষ ম্যাচটি। এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা বেলা সাড়ে তিনটায় খেলবে বিদায় নেওয়া জিম্বাবুয়ের বিপক্ষে।
ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের গ্রুপে তিন দলই টানা চার জয়ে চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠেছে। সেখানে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম দুই ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে ফেলেছে সেমিফাইনাল।
২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্টিত গত আসরে ভারতের কাছে ফাইনাল হারের প্রতিশোধ নেয় তারা আহমেদবাদে ৭৬ রানের বড় জয়ে। প্রোটিয়াদের ৭ উইকেটে ১৮৭ রানের জবাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অলআউট হয় ১১১-তে।
০১২ সালে শ্রীলংকায় আর ২০১৬ সালে ভারতে শিরোপা জেতা ওয়েস্ট ইন্ডিজও দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকার সামনে। ক্যারিবিয়ানদের ৮ উইকেটে ১৭৬ রান এক উইকেট হারিয়েই টপকে যায় প্রোটিয়ারা। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে এখন শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি।
জিম্বাবুয়ের বিপক্ষে উইন্ডিজ ৬ উইকেটে ২৫৪ করে ১০৭ রানে আর ভারত ৪ উইকেটে ২৫৬ করে ৭২ রানে জয় পায়। নেট রানরেটে ভারতকে টপকে সুবিধাজনক অবস্থায় তাই উইন্ডিজ।
ক্রিফোস্পোর্টস/১মার্চ২৬/এনজি






















