Connect with us
ক্রিকেট

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি

জেদ্দা বিমানবন্দরে আটকা মুশফিক দোয়া চাইলেন দেশবাসীর কাছে

মুশফিকুর রহিম। ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

ওমরাহ পালন শেষে আজ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (EK 0806) দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল তার। কিন্তু ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় মাঝপথ থেকেই তাদের ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফিরে যেতে বাধ্য হয়।



ফেসবুক পোস্টে মুশফিকুর রহিম লিখেছেন, আসসালামু আলাইকুম সবাইকে। আমি কয়েক দিন আগে ওমরাহ করার জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার ওমরাহ সম্পন্ন হয়েছে এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে (EK 0806) দুবাই হয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশে উড়াল দিলেও দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধাবস্থার কারণে সব ফ্লাইট পুনরায় জেদ্দায় ফিরে এসেছে।

বর্তমানে কয়েক হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অপেক্ষারত এই ক্রিকেটার আরও লিখেছেন, আমি এখন হাজার হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি। একমাত্র মহান আল্লাহই জানেন আমরা অন্য সব বাংলাদেশিদের সঙ্গে কখন এবং কীভাবে ঢাকা পৌঁছাতে পারব। সবার কাছে দোয়া প্রার্থী।

উল্লেখ্য, ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে। নিরাপত্তার খাতিরে অনেক আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের রুট পরিবর্তন করছে অথবা ফ্লাইট বাতিল করছে। মুশফিকের সঙ্গে আরও বহু বাংলাদেশি যাত্রী বর্তমানে জেদ্দায় অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন।

ক্রিফোস্পোর্টস/২৮ফেব্রুয়ারি২৬/এনজি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট