Connect with us
ক্রিকেট

নেতৃত্ব হারাচ্ছেন রশিদ খান! রশিদের উত্তরসূরি কে হতে পারেন?

Rashid Khan
রশিদ খান।ছবি- সংগৃহীত

বেশ কয়েক বছর ধরে আইসিসির আসরগুলোতে আফগানিস্তান ক্রিকেট দল যে ধারাবাহিকতা দেখাচ্ছিল, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে রশিদ খানের নেতৃত্বাধীন দলকে। বিশ্বকাপ ব্যর্থতার পর এবার আফগান ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস পাওয়া গেছে।

গুঞ্জন উঠেছে, টি-টোয়েন্টির নেতৃত্ব হারাতে যাচ্ছেন বর্তমান অধিনায়ক রশিদ খান।

দেশটির সংবাদমাধ্যম আমু টিভির প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সের কারণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) অধিনায়কের ওপর আস্থা হারাচ্ছে। ২০১৯ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলের দায়িত্ব পাওয়া রশিদ খান এ পর্যন্ত ৪৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে আফগানিস্তান ২৬টি ম্যাচে জয় পেলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে দল খেই হারিয়ে ফেলায় সমালোচনার মুখে পড়েছেন কাপ্তান রশিদ।



সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বোর্ড বিশ্বকাপ শুরুর আগেই রশিদকে সরানোর চিন্তা করেছিল। কিন্তু টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তে কোনো ঝুঁকি না নিতে চেয়ে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিল তারা। তবে বিশ্বকাপের ভরাডুবি সেই পুরোনো আলোচনাকে আবারও সামনে নিয়ে এসেছে।

রশিদের উত্তরসূরি কে?

রশিদ খান নেতৃত্ব হারালে কে হবেন পরবর্তী কাণ্ডারি? অধিনায়কত্বের দৌড়ে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছেন টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরান। তবে বিকল্প হিসেবে রহমানউল্লাহ গুরবাজের নামও শোনা যাচ্ছে।

আলোচনায় তরুণ অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের নাম থাকলেও, জানা গেছে তিনি বর্তমানে অধিনায়কত্বের দায়িত্ব নিতে খুব একটা আগ্রহী নন। ফলে ইব্রাহিম জাদরানকেই পরবর্তী অধিনায়ক হিসেবে দেখার সম্ভাবনা বেশি।

ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৬/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট