
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি জানিয়েছেন, তারা যদি তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো আইনগতভাবে মোকাবিলা করে নিরপরাধ প্রমাণিত হন, তবে ক্রীড়াঙ্গনে তাদের সানন্দে স্বাগত জানানো হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বিতর্কের মুখে রয়েছেন এই দুই তারকা। সাকিব আল হাসান মামলা সংক্রান্ত জটিলতায় দীর্ঘ সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন আর মাশরাফি বিন মুর্তজা জনসম্মুখে আসছেন না।
সাকিব ও মাশরাফির বর্তমান পরিস্থিতি নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আমিও একজন প্লেয়ার। সাকিব-মাশরাফি বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি দেখেছি, খেলার প্রতি তাদের যে আকৃষ্টতা রয়েছে, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি— তাদের যে মামলা সংক্রান্ত বিষয় রয়েছে সেগুলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত।
তিনি যোগ করেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্যক্তিগতভাবে তাদের যে উকিল রয়েছেন, তাদের মাধ্যমে যেন আইনগত বিষয়গুলো মোকাবিলা করেন। তারা যদি নিরপরাধ হয়ে দেশের মাঠে এসে খেলে, সে জায়গাতে আমি একজন ক্রীড়াবিদ হিসেবে তাদেরকে ওয়েলকাম করব।
সাকিব-মাশরাফির ফেরাকে কেন্দ্র করে সরকারের অবস্থান পরিষ্কার করে আমিনুল হক বলেন, আপনারা এসে আপনাদের যে মামলাগুলো রয়েছে, সেগুলো মোকাবিলা করে যদি নিরপরাধ হন, সবকিছু প্রতিকার করে যদি আপনারা মাঠে আসেন, আমরা ‘মোস্ট ওয়েলকাম’ জানাব তাদেরকে। এইটুকুতে আমরা শতভাগ নমনীয় থাকব, ইনশাআল্লাহ।
২০২৪ সালে কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট খেলার পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি সাকিবকে। অন্যদিকে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকেও আর জনসম্মুখে দেখা যায়নি। তাদের দুজনের বিরুদ্ধেই বিগত সরকারের পতনের পর একাধিক মামলা দায়ের করা হয়েছিল।
ক্রিফোস্পোর্টস/২৫ফেব্রুয়ারি২৬/এনজি























