
পুরুষদের আসর শুরু হয়েছে প্রায় ১৫ বছর আগে। এবার দেশের নারী ক্রিকেটারদের মানোন্নয়নের লক্ষ্যে প্রথমবার আয়োজিত হতে যাচ্ছে নারী বিপিএল। তিনটি দল নিয়ে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মাঠে গড়াবে নারী বিপিএলের উদ্বোধনী আসর। এবার চূড়ান্ত করা হলো পারিশ্রমিক ও দেশি-বিদেশি ক্যাটাগরি।
প্রথম আসরের ভেন্যু হিসেবে থাকবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। আগামী ১৪ মার্চ তিন দলের টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হতে পারে।
ড্রাফটের জন্য স্থানীয় ক্রিকেটারদের মোট ৫টি ক্যাটাগরিতে ভাগ করা হবে। জাতীয় দলের তিন ক্রিকেটারকে এই তালিকায় রাখা হবে আইকন হিসেবে এবং তারাই নেতৃত্ব দেবেন তিন দলকে। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা। আইকন হিসেবে নিগার সুলতানা জ্যোতির থাকা চূড়ান্ত, এছাড়া বিবেচনায় আছেন নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি।
ড্রাফটে স্থানীয়দের দ্বিতীয় সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে থাকবেন ৬ জন ক্রিকেটার। প্রতিটি দল এখান থেকে দুজন করে খেলোয়াড় নেবে, পারিশ্রমিক ৭ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে ১২ জন ক্রিকেটারের জন্য নির্ধারিত পারিশ্রমিক ৫ লাখ টাকা করে।
‘সি’ ক্যাটাগরিতে ৩ লাখ টাকা পারিশ্রমিক। ২০ জনের মতো ক্রিকেটারকে রাখা হবে এই ক্যাটাগরিতে। তাদের মধ্যে যারা প্রথম ডাকে অবিক্রীত থেকে যাবেন, তাদের আবার তোলা হবে দেড় লাখ টাকা মূল্যের ‘ডি’ ক্যাটাগরিতে। ড্রাফটে কারা কোন ক্যাটাগরিতে থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। আগ্রহের ভিত্তিতে তাদের ড্রাফটেও রাখা হতে পারে। তবে কতজন বিদেশি ক্রিকেটার ড্রাফটে থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
বিদেশি খেলোয়াড়দের সম্ভাব্য পারিশ্রমিক কাঠামো— ‘এ’ ক্যাটাগরি: ৮ হাজার মার্কিন ডলার, ‘বি’ ক্যাটাগরি: ৬ হাজার মার্কিন ডলার, ‘সি’ ক্যাটাগরি: ৩ হাজার মার্কিন ডলার।
ক্রিফোস্পোর্টস/২৫ফেব্রুয়ারি২৬/এনজি
























