Connect with us
ফুটবল

নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুসকে অপমান করা সেই আর্জেন্টাইন ফুটবলার

Vinícius Júnior
ভিনিকে মাঠের ভেতরেই বানর বলে গালি দেন প্রেস্তিয়ান্নি। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে–অফে গত সপ্তাহে বেনফিকার মাঠে ঘটে যায় এক উত্তপ্ত ও বিতর্কিত ঘটনা। রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র অভিযোগ করেন, প্রতিপক্ষের এক খেলোয়াড় তার প্রতি বর্ণবাদী মন্তব্য করেছেন। পরিস্থিতি এতটাই অস্বস্তিকর হয়ে ওঠে যে ম্যাচ প্রায় ১০ মিনিট বন্ধ রাখতে বাধ্য হন রেফারি।

এই অভিযোগের পর শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে উয়েফা। আর্জেন্টাইন ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। ফলে আগামীকাল (বুধবার) সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দ্বিতীয় লেগে তাকে পাওয়া যাবে না। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে আছে মাদ্রিদ ক্লাব।

প্রথম ম্যাচে একমাত্র গোলের পর কর্নার ফ্ল্যাগের সামনে দাঁড়িয়ে উচ্ছ্বাসে মাতেন ভিনিসিয়ুস। সেই উদযাপন স্বাগতিক সমর্থক ও কয়েকজন বেনফিকা খেলোয়াড়ের কাছে ভালো লাগেনি। এর কিছুক্ষণ পরই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অভিযোগ তোলেন, প্রেস্তিয়ান্নি তাকে ‘বানর’ বলে অপমান করেছেন। সতীর্থ কিলিয়েন এমবাপ্পেও জানান, জার্সি দিয়ে মুখ ঢেকে ওই শব্দটি উচ্চারণ করা হয়েছিল।



তবে প্রেস্তিয়ান্নি অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি বর্ণবাদী কিছু বলেননি; বরং একটি ‘সমকামীবিরোধী’ শব্দ ব্যবহার করেছিলেন।

উয়েফার তদন্ত এখনো চলমান। প্রাথমিকভাবে তাকে দ্বিতীয় লেগের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তদন্তে দোষ প্রমাণিত হলে উয়েফার শৃঙ্খলা বিধি অনুযায়ী সর্বোচ্চ ১০ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৬/এনজি

Crifosports announcement

Focus

More in ফুটবল