
ব্যাটে-বলে রীতিমতো তাণ্ডব চালিয়ে জিম্বাবুয়েকে ১০৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশাল এই জয়ে চলটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট রাউন্ডে দক্ষিণ আফ্রিকাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে সাই হোপের দল। আর ক্যারিবিয়ানদের এই বিধ্বংসী ফর্মে চিন্তার ভাঁজ ফেলেছে ভারত শিবিরে।
সোমবার মুম্বাইয়ের মাঠে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকন্দর রাজা। কিন্তু তার সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে আসে। শুরুতে সাই হোপ ও ব্র্যান্ডন কিং দ্রুত ফিরলেও মিডল অর্ডারে ঝড় তোলেন শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েল। এই দুই হার্ড হিটার ১২২ রানের অবিস্মরণীয় পার্টনারশিপ গড়ে দলের বড় স্কোরের ভিত গড়ে দেন।
শিমরন হেটমায়ার মাত্র ৩৪ বলে ৮৫ রান (৭টি চার ও ৭টি ছয়) করেন। অপরদিকে রভম্যান পাওয়েল ৩৫ বলে ৫৯ রান (৪টি চার ও ৪টি ছয়) করেন।
শেষের দিকে রাদারফোর্ড ও শেফার্ডের ঝোড়ো ক্যামিওতে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রান তোলে উইন্ডিজ। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।
২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ক্যারিবিয়ান স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেননি ব্র্যাড ইভান্স (৪৩) বা সিকন্দর রাজারা (২৭)। ১৭.৪ ওভারে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে গুদাকেশ মোতি ৪টি এবং আকিল হোসেন ৩টি উইকেট নিয়ে জয়ের পথ প্রশস্ত করেন।
ভারতের জন্য কেন বাড়ল চিন্তা?
বর্তমানে গ্রুপ টেবিলে এক ম্যাচে এক জয়ে +৫.৩৫০ রানরেট নিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার নেট রানরেট +৩.৮০০। অন্যদিকে, ভারত তাদের প্রথম ম্যাচের পর রানরেটে অনেকটাই পিছিয়ে (-৩.৮০০)।
যদি ওয়েস্ট ইন্ডিজ তাদের পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় এবং ভারত তাদের বাকি দুই ম্যাচ জেতে, সেক্ষেত্রে রানরেটের বিচারে সেমিফাইনালের টিকিট পাওয়া ভারতের জন্য কঠিন হয়ে উঠতে পারে।
ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৬/এসএ
























