
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এর আসন্ন আসরের নিলামে বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন।
এবারের নিলামে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য ধরা হয়েছে তারকা পেসার মোস্তাফিজুর রহমানের। তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ পাউন্ড। মোস্তাফিজের পরেই চমক দেখিয়েছেন তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেন। তার ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড। সম্প্রতি বিগ ব্যাশ ও পিএসএলে দল পাওয়ার পর রিশাদের দিকে নজর থাকতে পারে ইংলিশ ফ্র্যাঞ্চাইজিগুলোর।
মোস্তাফিজ ও রিশাদ ছাড়া তালিকার বাকি ২১ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩১ হাজার পাউন্ড। এই তালিকায় রয়েছেন- নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন , নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান, সৌম্য সরকার।
সাকিব কেন নেই?
লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া এই নিলামে ১৮টি দেশের প্রায় এক হাজার ক্রিকেটার অংশ নিচ্ছেন। তবে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান এবারের নিলামে নিজের নাম নিবন্ধন করেননি।
২০২১ সালে শুরু হওয়া ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলার সুযোগ পাননি। আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনে অনুষ্ঠিত হবে নিলাম। টুর্নামেন্টটি শুরু হবে আগামী ২১ জুলাই।
ক্রিফোস্পোর্টস/২১ফেব্রুয়ারি২৬/এসএ























