
ব্রাজিলিয়ান ফুটবলের পরিচিত মুখ ও সৌদি ক্লাব আল নাসরের নারী দলের অধিনায়ক ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একইসঙ্গে পবিত্র মক্কায় ওমরাহ পালন করে নিজের জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলিয়ান এই ফুটবলারের ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
ক্যাথলিনের ইসলাম গ্রহণের একটি ভিডিও আল নাসরের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে। এতে দেখা যায়, এই ফুটবলার নিজের আবেগ ধরে রাখতে পারেননি। তার চোখ দিয়ে পানি ঝরছিল।
ভিডিওর ক্যাপশনে ক্লাবটি লিখেছে, আমরা ক্যাথলিন সৌজার ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণার মাধ্যমে তার জীবনের একটি বিশেষ মুহূর্ত শেয়ার করছি। তার হৃদয়কে শান্তি ও প্রশান্তিতে ভরে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, আমি কেবল সঠিক পথ খুঁজে পেতে এবং নিজে আত্মর শুদ্ধির চেষ্টা করছিলাম, এটুকুই।
ইসলাম গ্রহণের পর ক্যাথলিন সৌজা পবিত্র মক্কা নগরী ভ্রমণ করেছেন এবং ওমরাহ পালন করেছেন। তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওমরাহ পালনের ছবি পোস্ট করে তিনি লিখেন, ছোট ছোট পদক্ষেপ, সঠিক পথ খুঁজে পাওয়া, পরিবর্তন খোঁজা। জীবনের উপহারের জন্য কৃতজ্ঞ।
সম্প্রতি তিনি আল নাসরের হয়ে প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন। ব্রাজিলের সাও পাওলোতে জন্ম নেওয়া এই ফুটবলার ব্রাজিল জাতীয় নারী দলেরও একজন গুরুত্বপূর্ণ সদস্য। তার জন্ম ব্রাজিলের সাও পাওলোর সাও ভিসেন্টে। তিনি ২০২৪ সালের আগস্টে আল নাসরে যোগ দেন। তার সাবেক ক্লাব ইন্টার মিলান (সেন্ট্রাল ডিফেন্ডার)।
তিনি সান্তোস এফসি-র যুব দল দিয়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব লুইসভিল এবং ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডায় উচ্চশিক্ষা ও ফুটবল চর্চা করেন।
ক্রিফোস্পোর্টস/২০ফেব্রুয়ারি২৬/এসএ































