
১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আগামী এক বছরের জন্য ক্রিকেটারদের সাথে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ২৮ জনের এই তালিকায় ৫টি গ্রেড থাকলেও এ+ গ্রেডে নেই কেউ!
শুধু এখানেই শেষ নয়, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে ফেরানোর যে আলোচনা চলছিল, তার ছায়াও নেই তালিকায়। অর্থাৎ সাকিব আল হাসানকেও রাখা হয়নি কেন্দ্রীয় চুক্তিতে।
কোন গ্রেডে বেতন কত?
গ্রেড এ প্লাস: মাসিক বেতন ১০,০০,০০০ (দশ লাখ) টাকা
গ্রেড এ: মাসিক বেতন ৮,০০,০০০ (আট লাখ) টাকা
গ্রেড বি: মাসিক বেতন ৬,০০,০০০ (ছয় লাখ) টাকা
গ্রেড সি: মাসিক বেতন ৪,০০,০০০ (চার লাখ) টাকা
গ্রেড ডি: মাসিক বেতন ২,০০,০০০ (দুই লাখ) টাকা
এ গ্রেডে রয়েছেন চারজন ক্রিকেটার- তিন ফরম্যাটের তিন অধিনায়ক, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস। সেই সাথে পেসার তাসকিন আহমেদ। তাদের প্রত্যেকের মাসিক বেতন ৮ লাখ টাকা।
সবচেয়ে বেশি বি গ্রেডে আছেন ১১ ক্রিকেটার। মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, তানজীদ তামিম, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও নাহিদ রানা। তাদের বেতন ৬ লাখ টাকা করে।
৬ জন ক্রিকেটার রয়েছেন সি গ্রেডে। সৌম্য সরকারম জাকের আলী, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ। তাদের প্রত্যেকে মাসে পাবেন ৪ লাখ টাকা করে।
আর শেষ ডি গ্রেডে রয়েছেন ৭ ক্রিকেটার। ওপেনার সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন ও নুরুল হাসান সোহান। তারা প্রত্যেকে মাসে পাবেন দুই লাখ টাকা করে।
ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৬/এনজি


























