
অস্ট্রেলিয়ার মাটিতে আগামী ১-২১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নারী এশিয়ান কাপ’। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে প্রথমবারের মতো লড়াই করার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের নারী ফুটবল দল। আসরে অংশ নিতে আজ মধ্যরাতে ঋতুপর্ণারা অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন।
এই গৌরবময় মুহূর্তে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নারী দলের সব খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় প্রতিমন্ত্রী বলেন, আমাদের মেয়েরা বারবার প্রমাণ করেছে যে, অদম্য ইচ্ছা আর পরিশ্রম থাকলে যেকোনো বাধা জয় করা সম্ভব। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আজ তারা এশিয়ার সেরা দলগুলোর মুখোমুখি হতে যাচ্ছে। এটি কেবল নারী ফুটবলের উন্নয়নই নয়, বরং ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের নারীশক্তির অগ্রযাত্রার এক অনন্য প্রতিফলন।
অস্ট্রেলিয়ার মাঠে মেয়েরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে— এমন প্রত্যাশা ব্যক্ত করে প্রতিমন্ত্রী আরও বলেন, আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়ার মাঠেও আপনারা লাল-সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। জয়-পরাজয় ছাপিয়ে আপনাদের লড়াকু মানসিকতা সারা বিশ্বের কাছে বাংলাদেশের আত্মপরিচয় তুলে ধরবে। আপনারা খেলবেন হৃদয়ের গভীর থেকে, সেরা নৈপুণ্য দিয়ে, আমাদের দেশের জন্য।
ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৬/এনজি


























