
আগের রাতে শ্রীলঙ্কার কাছে তুলোধুনো হয়েছিলে ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া। এর আগের ম্যাচে ঘটেছিল আরেক অঘটন। চমক দেখানো জিম্বাবুয়ের কাছে হেরে অঘটনের জন্ম দিয়েছিল ট্রাভিস হেডরা। কিন্তু আজ আরেক বিপদ এসেছে তাদের জন্য।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচ খেলেই বিদায় নিলো অস্ট্রেলিয়া। যদিও গ্রুপপর্বে একটি ম্যাচ বাকি রয়েছে। কিন্তু সেটাও হবে নিয়মরক্ষার।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার গ্রুপের দুই দল আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। এই ম্যাচের দিকে তাকিয়ে ছিল অস্ট্রেলিয়াও। যদি জিম্বাবুয়ে এই ম্যাচে হারতো, তাহলে কিছুটা আশা বেঁচে থাকতো অজিদের।
কিন্তু বিধি বাম! পুরো ম্যাচটি ভাসিয়ে নিয়ে যায় বেরসিক বৃষ্টি। একটি বলও মাঠে না গড়ানোয় পয়েন্ট ভাগাভাগি হয়েছে। আর এতে সবচেয়ে বড় ক্ষতিটাই হয়েছে মিশেল মার্শদের।
দুইটি জয়ের পর একটি পয়েন্ট ভাগাভাগিতে বি গ্রুপ থেকে জিম্বাবুয়ের সংগ্রহ ৫। অন্যদিকে তিন ম্যাচের সবগুলো জিতে ৬ পয়েন্ট নিয়ে আগেই সুপার এইট নিশ্চিত করেছে লঙ্কানরা।
গ্রুপে আয়ারল্যান্ড চার ম্যাচ খেলে এক জয় ও এক ড্রয়ে তিন পয়েন্ট পেয়েছে। অস্ট্রেলিয়া তিন ম্যাচ খেলে একটি জিতলেও বাকি দুটি হেরেছে। ফলে বাকি ম্যাচটি জিতলেও পয়েন্ট হবে চার। যা শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের চেয়ে কম। এই গ্রুপ থেকে তিন ম্যাচ খেলেও কোনো জয় পায়নি ওমান।
বি গ্রুপে এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটায়। এর পরের দিন সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে ওমান-অস্ট্রেলিয়া।
ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৬/এনজি



























