Connect with us
ক্রিকেট

ভারত–পাকিস্তান ম্যাচ: যে ৫ প্রশ্নের উত্তর খুঁজছে সবাই

ভারত-পাকিস্তান ম্যাচে আবারও কী দেখা যাবে উত্তেজনা? ছবি- স্যোশাল নিউজ

আবারও ভারত-পাকিস্তান ম্যাচ। আবারও সেই টানটান উত্তেজনা। যে ম্যাচের জন্য অধীর আগ্রহে বসে থাকেন ভক্তরা। টি–টোয়েন্টি বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুই দলের লড়াই মানেই বাড়তি উত্তাপ, তবে এবার ম্যাচটি ঘিরে আলোচনার মাত্রা আরও বেশি।

বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের জেরে পাকিস্তান সরকারের প্রাথমিক আপত্তি পরিস্থিতিকে জটিল করেছিল। শেষ পর্যন্ত সব জট কাটিয়ে দুই দলই মাঠে নামছে।

এখন নজর একটাই—কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়াম-এ কী ঘটতে যাচ্ছে। ভক্তদের মনে উঁকি দিচ্ছে ৫টি প্রশ্ন। বিশ্লেষকরাও খুঁজছেন ওই ৫ প্রশ্নের উত্তর।



হাত মেলাবে তো দুই দল?
২০২৫ সালের এশিয়া কাপ-এ তিনবার দেখা হলেও টস কিংবা ম্যাচ শেষে খেলোয়াড়দের মধ্যে করমর্দন হয়নি। একই দৃশ্য দেখা গেছে নারী বিশ্বকাপ ও বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতেও। ফলে আজ টসের সময় দুই অধিনায়ক—সালমান আগা ও সূর্যকুমার যাদব—হাত মেলাবেন কি না, তা নিয়ে কৌতূহল তুঙ্গে। মাঠে থাকবেন মহসিন নাকভি ও জয় শাহ। তাঁদের উপস্থিতি সৌহার্দ্যের বার্তা দেবে কি না, সেটিও দেখার বিষয়।

 ফেভারিট কে?
টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড দাপুটে—আট ম্যাচে সাত জয়। তবু কলম্বোর কন্ডিশন বিবেচনায় এককভাবে কাউকে এগিয়ে রাখা কঠিন। পিচ ভারসাম্যপূর্ণ, যেখানে ব্যাটিং-বোলিং দুই বিভাগই সুবিধা পাচ্ছে। ভারতের সাবেক নির্বাচক এম এস কে প্রসাদ একে ‘৫০-৫০’ ম্যাচ বলছেন। পাকিস্তান এই ভেন্যুতে ধারাবাহিকভাবে খেলছে, আর ভারত এসেছে সীমিত প্রস্তুতি নিয়ে—এটাও বড় ফ্যাক্টর।

 আদর্শ স্কোর কত?
প্রেমাদাসা ঐতিহ্যগতভাবে স্পিন-সহায়ক এবং বাউন্ডারি বড়। সাম্প্রতিক এক ম্যাচে ১৭০ তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া হেরেছে জিম্বাবুয়ের কাছে। জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা জানিয়েছেন, এখানে ২০০ ছোঁয়ার লোভ বিপজ্জনক হতে পারে; বরং ৮-৯ রান করে এগোনোই কার্যকর। সাবেক ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী মনে করেন, বড় শটের চেয়ে এক-দুই রান নিয়ে ইনিংস গড়া গুরুত্বপূর্ণ—যেমনটি করতে পারেন বিরাট কোহলি।

 রহস্যময় উসমান তারিক কতটা প্রভাব ফেলবে?
পাকিস্তান এবার স্পিন নির্ভর কৌশল নিয়েছে। দলে নেই হারিস রউফ। নতুন মুখ উসমান তারিক-এর বোলিং অ্যাকশন ও রিলিজ পয়েন্ট বৈচিত্র্যময়, যা ভারতীয় ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ হতে পারে। তবে প্রসাদ মনে করেন, পিচ সহায়তা না দিলে তাঁকে সামাল দেওয়া সম্ভব।

 স্পিনে এগিয়ে কারা?
ভারতের স্পিন আক্রমণে আছেন কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল; প্রয়োজনে আছেন যশপ্রীত বুমরা। বিশ্লেষক দীপ দাশগুপ্ত বলছেন, সূর্য, তিলক, হার্দিকদের মতো ব্যাটসম্যানরা স্পিন ভালো খেলেন। ফলে লড়াই জমবে কৌশল, ধৈর্য ও মানিয়ে নেওয়ার সক্ষমতায়।

দুদলের সব প্রশ্নের উত্তর মিলবে সন্ধ্যা সাতটায় শুরু হওয়া ম্যাচের ফলাফলে।

ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৬/এনজি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট