
পাওলো মালদিনি, রবের্তো বাজ্জিও কিংবা জিয়ালুইজি বুঁফোর দেশ ইতালি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ফুটবল ঐতিহ্য নিয়ে কথা বলা মানে সূর্যের আলোর শক্তি নিয়ে তর্ক করা। কিন্তু সাম্প্রতিক সময়ের এক অদ্ভুত পরিসংখ্যান ফুটবল বিশ্বে হইচই ফেলেছে। গত ২০ বছরের বিশ্বকাপের জয়ের খতিয়ান বলছে, ইতালির সেরা ফুটবলারদের সমান সাফল্য অর্জন করে ফেলেছেন জশপ্রীত সিং, ক্রিশ্চান কালুগামাগেদের মতো অখ্যাত ক্রিকেটাররা।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কম র্যাঙ্কিংয়ের দল হিসেবে খেলতে নামে ইতালি। কিন্তু বৃহস্পতিবার তারা যা করে দেখালো, তাকে রূপকথা বললেও কম হবে। শক্তিশালী নেপালকে ১০ উইকেটে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ‘আজ্জুরি’রা। আর এই এক জয়ই তাদের দাঁড় করিয়ে দিয়েছে ফুটবল দলের ইতিহাসের সামনে।
কেন বলা হচ্ছে ফুটবলের সমান?
পরিসংখ্যানের পাতা উল্টালে দেখা যায়, গত দুই দশকে ফুটবল বিশ্বকাপে ইতালির অবস্থা বেশ নাজুক। ২০০৬ সালে বিশ্বকাপ জেতার পর থেকেই শুরু হয় এই পতন। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ইতালি। এর মধ্যে ২০১৪ বিশ্বকাপে কেবল ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ জিতেছিল মারিও বালোতেলিরা।
২০১৮ ও ২০২২ বিশ্বকাপে টানা দুই আসরে ইতালি ফুটবল দল মূল পর্বে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি। অর্থাৎ, গত ২০ বছরে ফুটবল বিশ্বকাপে ইতালির জয় মাত্র একটি। আর ক্রিকেটে নিজেদের প্রথম বিশ্বকাপেই সেই একটি জয়ের রেকর্ড স্পর্শ করে ফেলল হ্যারি মানেন্তিরা।
ইটালিতে ক্রিকেটের জনপ্রিয়তা সেভাবে না থাকলেও এই জয় নতুন দিগন্ত খুলে দেবে বলে বিশ্বাস অধিনায়ক হ্যারি মানেন্তির। তিনি বলেন, এই জয় ইতালির জুনিয়র ক্রিকেটে আগ্রহ বাড়াবে। আশা করি এবার রোম, মিলান বা বোলোনার রাস্তায় তাদের ক্রিকেট খেলতে দেখা যাবে।
ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৬/এসএ




























