Connect with us
ক্রিকেট

১৫ মিটারের দৌড় ও শূন্যে ঝাঁপ, মুনয়োঙ্গার ক্যাচই কি বিশ্বকাপের সেরা?

অতিমানবীয় ক্যাচ নিয়ে আলোচনায় টনি মুনয়োঙ্গা। ছবি- সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়ের দিনে আলোচনার শীর্ষে এখন টনি মুনয়োঙ্গা। ডিপ মিড-উইকেটে তার ধরা একটি অতিমানবীয় ক্যাচ ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।

অনেক বিশেষজ্ঞই বলছেন, এটিই হতে পারে চলতি বিশ্বকাপের সেরা ক্যাচ।

অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮তম ওভারে বেলার ব্র্যাড ইভান্সের একটি খাটো লেংথের বলে সজোরে ব্যাট চালিয়েছিলেন বেন ডারউইশ। বলটি ডিপ মিড-উইকেট দিয়ে সীমানার দিকে যাচ্ছিল। দেখে মনে হয়েছিল এটি নিশ্চিত বাউন্ডারি হবে। কিন্তু সেখানে ফিল্ডিং করছিলেন মুনয়োঙ্গা। নিজের ডান দিকে প্রায় ১৫ মিটার দৌড়ে এসে বলের লাইনে পৌঁছে যান তিনি। এরপর বলটি যখন সীমানা পার হওয়ার উপক্রম, ঠিক তখনই শরীর সম্পূর্ণ প্রসারিত করে শূন্যে ডাইভ দিয়ে এক হাতে বলটি তালুবন্দি করেন জিম্বাবুয়ের এই ফিল্ডার।



মুনয়োঙ্গার এই অবিশ্বাস্য ক্যাচের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ডারউইশের এই আউটের মাধ্যমেই মূলত অস্ট্রেলিয়ার জয়ের শেষ আশাটুকু ফিকে হয়ে যায় এবং জিম্বাবুয়ের ২৩ রানের জয় এক প্রকার নিশ্চিত হয়ে পড়ে।

এদিনের ম্যাচে শুধু টনি মুনয়োঙ্গা নন, জিম্বাবুয়ের পুরো দলই দুর্দান্ত ফিল্ডিং করেছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, সিকান্দার রাজার দলের ফিল্ডাররা মাঠে অন্তত ২০ রান সাশ্রয় করেছেন, যা শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে।

প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ২ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করেছিল। জবাবে টনি মুনয়োঙ্গাদের অসাধারণ বোলিং ও ফিল্ডিংয়ের সামনে ১৯.৩ ওভারে ১৪৬ রানেই গুটিয়ে যায় ২০২১-এর চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই জয়ের মাধ্যমে টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অজিদের বিপক্ষে দ্বিতীয়বার জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে।

ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৬/এনজি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট