Connect with us
বিশ্বকাপ

ভারত-পাকিস্তান মহারণে বৃষ্টির শঙ্কা, আবহাওয়ার পূর্বাভাস কী?

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়াম। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী রোববার (১৫ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার কলম্বোয় মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দীর্ঘ অনিশ্চয়তার পর ম্যাচটি নিশ্চিত হলেও সমর্থকদের উন্মাদনায় জল ঢেলে দিতে পারে বৃষ্টি।

শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তরের শুক্রবারের পূর্বাভাস অনুযায়ী, রোববারের ম্যাচের আগে ও চলাকালীন সময়ে জোর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ম্যাচের সময়ে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫০ থেকে ৬৫ শতাংশ। আকাশ মূলত মেঘলা থাকবে এবং দুপুরের দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে ম্যাচটি পুরোপুরি ভেস্তে না গেলেও দফায় দফায় বৃষ্টির বাগড়ায় খেলা শুরু হতে দেরি হতে পারে অথবা ওভার কমিয়ে আনা হতে পারে।



কলম্বোর উইকেট মূলত স্পিন-সহায়ক। এখন পর্যন্ত চলতি আসরে এখানে একটি ম্যাচেই কেবল ২০০-র বেশি রান উঠেছে। বৃষ্টির কারণে পিচে আর্দ্রতা থাকলে স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারেন। ভারতের বোলিং আক্রমণে প্রধান অস্ত্র হিসেবে থাকছেন বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। অন্যদিকে পাকিস্তান শিবিরে প্রস্তুত রাখা হয়েছে আবরার আহমেদ, শাদাব খান ও উসমান তারিকের মতো স্পিনারদের।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে একটি বা দুটি ওভারই অনেক সময় ফলাফল নির্ধারণ করে দেয়। তাই আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় দুদলকেই তাদের রণকৌশল দ্রুত বদলাতে হবে। বিশেষ করে ডিএলএস (DLS) পদ্ধতির হিসাব মাথায় রেখে বোলিং পরিবর্তন ও ব্যাটিং অর্ডারে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে দুই অধিনায়ককে।

এদিকে পয়েন্ট টেবিলের সমীকরণে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত তাদের প্রথম দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়েছে। অন্যদিকে পাকিস্তান জয় পেয়েছে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। রোববার যারা জিতবে, তারাই গ্রুপের শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডের পথে এগিয়ে যাবে।

ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৬/এনজি

Crifosports announcement

Focus

More in বিশ্বকাপ