
সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছেন দেশের বর্তমান ও সাবেক ক্রীড়াবিদারা। ফুটবল, হকি কিংবা দাবা— সব মাধ্যমের তারকারাই আজ খেলার মাঠ ছেড়ে রাজনীতির মহোৎসবে শামিল হয়েছেন।
কারোর জন্য এটি জীবনের প্রথম ভোট, আবার কারোর চোখে এবারের নির্বাচন বিগত সময়ের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত।
জাতীয় দলের তারকা ফুটবলার শেখ মোরসালিন তার ভোটাধিকার প্রয়োগ করতে নিজ জেলা ফরিদপুরে গিয়েছেন। ফরিদপুর-৪ আসনের ভোটার মোরসালিন ভোট দিয়েছেন আদর্শ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। ভোট দিয়ে তিনি বলেন, বেশ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছি। তেমন সময় লাগেনি।
একই জেলায় (ফরিদপুর-৩) প্রথমবারের মতো ভোট দিয়েছেন যুব হকি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলাম। জাতীয় হকি দলের ক্যাম্প ছুটি থাকায় খেলোয়াড় ও কোচরা নিজ নিজ এলাকায় গিয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।
হকি খেলোয়াড়রা সুযোগ পেলেও লিগের ব্যস্ততার কারণে ভোট দিতে পারেননি ঋতুপর্ণা চাকমারা। নারী ফুটবল লিগের শেষ রাউন্ডের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ আগামীকাল। সেনাবাহিনীর বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন হবে ঋতুপর্ণাদের রাজশাহী। ফলে ক্যাম্পে থাকায় তাদের ভোট দেওয়া হয়নি। তবে জাতীয় দলের বাইরে থাকা সাবিনা খাতুন ও মাসুরা পারভীনরা ভোট দিয়েছেন।
জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোশিন আঞ্জুমের জন্য এটি ছিল জীবনের প্রথম ভোট। খিলগাঁও মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়ে উচ্ছ্বসিত নোশিন বলেন, প্রথম সব কিছুই একটি ভিন্ন অনুভূতি। জাতীয় নির্বাচনে প্রথম ভোট দিয়েছি, তাই একটু রোমাঞ্চিত।
পুরান ঢাকার আরমানিটোলা স্কুল কেন্দ্রে এক হয়েছিলেন হকির একঝাঁক সাবেক ও বর্তমান তারকা। সাবেক তারকা হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল জানান, নাইম ও হাবুলসহ হকির অনেকেই সেখানে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন।
অন্যদিকে, সাবেক তারকা ফুটবলার ও মোহামেডান ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বাড্ডা এলাকায় ভোট দিয়ে বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে। সবার মধ্যেই উৎসবের আমেজ।
ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৬/এসএ




























