
দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে দেশ-বিদেশে অসংখ্য মাইলফলক স্পর্শ করলেও জীবনের একটি বড় অপূর্ণতা আজ ঘুচল তামিম ইকবালের। প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম-৯ আসনের আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের ১৯ নম্বর ভোটকক্ষে তিনি তার ভোটটি প্রদান করেন।
ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নিজের অনুভূতি শেয়ার করেন তামিম। তিনি বলেন, জীবনের প্রথম ভোট দিলাম। ভোটের পরিবেশ খুব ভালো এবং সুস্থ। পছন্দের প্রার্থীকেই ভোট দিয়েছি।
তিনি আরও আশা প্রকাশ করেন, সারা দিন এমন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং সবাই নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
তামিম ইকবাল যখন ভোটকেন্দ্রে প্রবেশ করেন, তখন তার সঙ্গে সেনাবাহিনীর প্রটোকল ছিল। প্রিয় তারকাকে কাছে পেয়ে ভোটকেন্দ্রে উপস্থিত স্থানীয় ভোটার ও বিশেষ করে তরুণদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। অনেকেই মোবাইলে এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে এবং সেলফি তুলতে ভিড় জমান।
কোতোয়ালী, চান্দগাঁও ও ডবলমুরিং এলাকা নিয়ে গঠিত এই আসনটি চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনি এলাকা। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সকাল থেকেই এখানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
কোতোয়ালী, চান্দগাঁও, ডবলমুরিং এলাকা নিয়ে চট্টগ্রাম-৯ আসন গঠিত। এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ৩৬৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৯০৬ এবং নারী ভোটার ২ লাখ ২ হাজার ৪৪৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন।
চট্টগ্রাম-৯ আসনে এবার মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোহাম্মদ আবু সুফিয়ান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. এ কে এম ফজলুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের আবদুল মোমেন চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস শুক্কুর। এ ছাড়াও লড়াইয়ে আছেন নাগরিক ঐক্য, বাসদ, জনতা দল ও গণসংহতি আন্দোলনের প্রার্থীরা।
ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৬/এনজি



























