
টানা চার জয়ের পর অবশেষে থামল ম্যানচেস্টার ইউনাইটেডের জয়রথ। ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমনের শঙ্কায় থাকা ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মাইকেল ক্যারিকের শিষ্যরা। তবে এই ড্র শুধু ইউনাইটেডের পয়েন্ট টেবিলে ভাগ বসায়নি, ভেঙে চুরমার হয়েছে ফ্র্যাঙ্ক ইলেট নামে এক ভক্তের স্বপ্ন।
ঘটনার সূত্রপাত ২০২৪ সালের অক্টোবরে। ফ্র্যাঙ্ক ঘোষণা করেছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেড যদি টানা পাঁচটি ম্যাচ জিততে পারে, তবেই তিনি কেঁচি ছোঁয়াবেন তার চুলে। দেখতে দেখতে ৪৯৩ দিন পার হয়ে গেলেও সেই মাহেন্দ্রক্ষণ এখনো আসেনি। অক্সফোর্ডের বাসিন্দা ফ্র্যাঙ্ক বর্তমানে স্পেনে থাকেন, আর তার এই পাহাড়সমান চুল এখন ফুটবল বিশ্বে আলোচনার বিষয়।
তীরে এসে তরী ডুবল যেভাবে
ম্যানচেস্টার সিটি, আর্সেনাল এবং টটেনহ্যামের মতো বড় দলগুলোকে হারিয়ে ছন্দে ছিল রেড ডেভিলসরা। ভক্তদের আশা ছিল, ওয়েস্ট হ্যামের বিপক্ষে পঞ্চম জয়টি আসবেই। কিন্তু ম্যাচের শুরুতেই টমাস সোচেকের গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। ম্যাচের শেষ দিকে বেঞ্জামিন সেসকো গোল করে সমতা ফেরালেও জয়ের দেখা পায়নি ক্যারিকের দল। ফলে ৪৯৩ তম দিনে এসেও ফ্র্যাঙ্কের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হলো।
বন্ধুদের সঙ্গে বসে ম্যাচের লাইভ স্ট্রিমিং করছিলেন ফ্র্যাঙ্ক। ম্যাচ শেষে তার চোখে-মুখে ছিল পাহাড়সমান হতাশা। পরিকল্পনা ছিল, চুল কাটার পর সেই চুল তিনি দান করবেন। এমনকি ভক্তরা তাকে নতুন হেয়ারস্টাইল নিয়ে নানা পরামর্শও দিচ্ছিলেন। কিন্তু ড্র হওয়ায় ফ্র্যাঙ্ককে আবারও তার বিশাল চুল নিয়েই মাঠ ছাড়তে হলো।
ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৬/এসএ






























