
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুরি আর ২২ গজের ক্রিজে ব্যাটারদের দাপট। কিন্তু এই ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে নিউজিল্যান্ডের তারকা পেসার লকি ফার্গুসন যা করেছিলেন, তা ক্রিকেট ইতিহাসের পাতায় লেখা রয়েছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এর মঞ্চে পাপুয়া নিউ গিনির বিপক্ষে এক ম্যাচে কিউই পেসার এমন এক নজির গড়েছেন, যা ভাঙা প্রায় অসম্ভব।
এক রানও দেননি ফার্গুসন
ম্যাচে নিজের নির্ধারিত ৪ ওভার বল করে একটি রানও খরচ করেননি ফার্গুসন। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে যেখানে বোলাররা রান বাঁচাতে হিমশিম খান, সেখানে ৪টি ওভারই মেডেন নিয়ে চমকে দিয়েছেন তিনি। শুধু রান আটকানোই নয়, সাজঘরে ফিরিয়েছেন প্রতিপক্ষের ৩ ব্যাটারকে। তার বোলিং ফিগার ছিল : ৪-৪-০-৩।
বিশ্বকাপের মূল পর্বে প্রথম
এর আগে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে পানামার বিপক্ষে কানাডার সাদ বিন জাফর ৪ ওভারে ০ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। তবে বিশ্বকাপের মূল পর্বে ফার্গুসনের এই পারফরম্যান্সই প্রথম ও একমাত্র।
ফার্গুসনের দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাপুয়া নিউ গিনি। ১৯.৪ ওভারে মাত্র ৭৮ রানেই গুটিয়ে যায় দলটির ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে কিউইরা ১২.২ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। অবিশ্বাস্য এই স্পেলের জন্য ম্যান অব দ্য ম্যাচ হন ফার্গুসন।
ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৬/এসএ




























