
কয়েক সপ্তাহের নাটকীয়তার পর টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসছে পাকিস্তান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র মতে, ম্যাচ খেলতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তিনটি শর্ত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রেক্ষিতে নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এতেই শুরু হয় নাটকীয়তা, আইসিসির সঙ্গে কয়েক দফা বৈঠকেও সমাধান না হওয়ায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানায় আইসিসি।
বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে বিয়্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচের উপর নির্ভর করে আইসিসির আয়ের একটা বড় অংশ। বিভিন্ন গণমাধ্যমের খবর মতে, ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইসিসির লোকসান হবে প্রায় ৬ হাজার কোটি টাকা।
ম্যাচ বয়কটের ঘোষণার পর থেকেই পাকিস্তানকে রাজি করানোর চেষ্টা করে আসছিল আইসিসি। গতকাল (রোববার) পাকিস্তানে বৈঠকে বসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও আইসিসির প্রতিনিধিরা। বৈঠকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে ৩টি শর্ত দেয় পাকিস্তান।
সূত্র অনুযায়ী পিসিবির প্রথম দাবি : বাংলাদেশের জন্য আর্থিক ক্ষতিপূরণ বাড়াতে হবে। পিসিবির মতে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবদান বিবেচনায় নিয়ে আইসিসিকে আর্থিক বরাদ্দ পুনর্বিবেচনা করতে হবে।
দ্বিতীয় দাবি : বিশ্বকাপ থেকে বাদ পড়লেও বাংলাদেশকে অংশগ্রহণ ফি দিতে হবে। পিসিবির মতে, টুর্নামেন্টের প্রস্তুতিতে দলগুলো বড় অঙ্কের বিনিয়োগ করে এবং পারফরম্যান্স বা পরিস্থিতি যাই হোক, একটি ন্যূনতম আর্থিক নিরাপত্তা থাকা উচিত।
তৃতীয় দাবি : ভবিষ্যতের কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব বাংলাদেশকে দিতে হবে। তাদের মতে, বর্তমানে আন্তর্জাতিক মানের ভেন্যু ও দর্শকসমর্থন থাকায় বড় কোনো আসর আয়োজনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে, যা দেশটির ক্রিকেট অর্থনীতিকেও শক্তিশালী করবে।
বৈঠক শেষে দাবিগুলোর নিনিয়ে আলোচনার জন্য ফিরে গেছেন আইসিসির প্রতিনিধি দল। আর আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় নির্ধারিত ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন নাকভি।
ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৬/এআই


























