Connect with us
ক্রিকেট

তিন শর্তে ভারতের বিপক্ষে খেলার ইঙ্গিত পাকিস্তানের

পাকিস্তান বনাম ভারত। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চলমান অচলাবস্থা নিরসনের ইঙ্গিত মিলেছে। তবে টুর্নামেন্ট থেকে বাদ পড়া বাংলাদেশের স্বার্থ রক্ষায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আইসিসির সামনে তিনটি প্রধান শর্ত জুড়ে দিয়েছে পাকিস্তান।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বৈঠকে পিসিবি তিনটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছে।

১. আয়োজক ভারত থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার অনুরোধ করায় বাদ পড়া বাংলাদেশের জন্য বর্ধিত ক্ষতিপূরণ নিশ্চিত করা।
২. বিশ্বকাপ থেকে বাদ পড়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি প্রদান করা।
৩. ভবিষ্যতে যেকোনো আইসিসি ইভেন্ট আয়োজনের অধিকার বাংলাদেশকে প্রদান করা।



এর আগে গতকাল রোববার লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে পিসিবি’র এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, চলমান বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশ দলকে আসর থেকে বাদ দেয়। এর আগে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। এই ইস্যুতে শুরু থেকেই ঢাকার পাশে ছিল পাকিস্তান। বাংলাদেশ বাদ পড়ার পর বাংলাদেশের প্রতি সংহতি জানাতে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল পিসিবি।

আইসিসি সম্ভাব্য পরিণতির বিষয়ে সতর্ক করলেও নিজের অবস্থানে অনড় রয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। যদিও বোর্ডের কিছু কর্মকর্তা ভারতের বিপক্ষে মাঠে নামার পক্ষে মত দিয়েছেন, তবে নাকভি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আজ (সোমবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত এবং আইসিসি দাবিগুলো মেনে নিলেই কেবল ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৬/এনজি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট