Connect with us
ফুটবল

ইনজুরিতে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেলেন হামজা চৌধুরী

Hamza Chowdhury
ইনজুরিতে হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সামনে মার্চে দুটি ম্যাচ। তার আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশের ফুটবল প্রেমীরা। হাঁটুর চোটে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন হামজা দেওয়ান চৌধুরী। প্রাথমিক ধারণা, পুরোপুরি সেরে উঠতে সময় লাগতে পারে ছয় থেকে আট সপ্তাহ।

শনিবার চার্লটন অ্যাথলেটিকোর বিপক্ষে ম্যাচে আঘাত পান লেস্টার সিটির এই মিডফিল্ডার। চোটের পর স্ট্রেচারে করে তাকে মাঠ ছাড়তে দেখা যায়। ম্যাচ শেষে অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং ইঙ্গিত দেন, দ্রুত তাকে ফেরানো সম্ভব নয়। বিস্তারিত জানতে স্ক্যান করানো হবে বলেও জানান তিনি।

বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এমসিএল ইনজুরিতে পড়েছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। অস্ত্রোপচারের প্রয়োজন নেই এমন খবর কিছুটা স্বস্তি দিলেও পুনর্বাসন প্রক্রিয়ায় কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। ক্লাব হিসেবে লেস্টারই তার চিকিৎসা ও পুনর্বাসন দেখভাল করবে। একই সঙ্গে পরিস্থিতির দিকে নজর রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও।



জাতীয় দলে অভিষেকের পর অল্প সময়েই সমর্থকদের আস্থা অর্জন করেছেন হামজা। মাঝমাঠে তার উপস্থিতি দলের মধ্যে বাড়তি আত্নবিশ্বাস যোগ করে। ২৬ ও ৩১ মার্চ ভিয়েতনামের সঙ্গে সম্ভাব্য প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেই সময়ের মধ্যে তাকে পাওয়া যাবে কি না, সেটাই এখন প্রশ্ন।

লেস্টার সিটির জন্যও এটি একটি বিশাল ধাক্কা। প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর চ্যাম্পিয়নশিপেও খুব স্বস্তিতে নেই দলটি। অবনমন অঞ্চলের সঙ্গে ব্যবধান খুব বেশি নয়। গুরুত্বপূর্ণ সময়ে নিয়মিত একাদশের খেলোয়াড়কে না পাওয়া তাদের পরিকল্পনায় প্রভাব ফেলতেই পারে।

এখন সবকিছু নির্ভর করছে স্ক্যান রিপোর্ট ও পুনর্বাসন কত তাড়াতাড়ি হয় তার ওপর। হামজার ফেরা কবে হবে, সেটাই দেখার অপেক্ষা। তবে হামজার অনুপস্থিতি বাংলাদেশকে যে যথেষ্ট ভুগাবে সেটা এখন স্পষ্ট। কেননা গত বেশ কিছু ম্যাচ ধরে বাংলাদেশের একাদশে হামজাই ছিল মূল শক্তি।

ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল