
বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আবারও দলে ভিড়িয়েছে পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। সরাসরি চুক্তির মাধ্যমে তাকে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ক্লাবটি।
ফ্র্যাঞ্চাইজিটির আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ২০১৬ ও ২০১৮ মৌসুমে যিনি লাহোরের হয়ে খেলেছিলেন, সেই মুস্তাফিজ আবারও পরিবারে ফিরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে স্বাগত জানিয়ে পোস্ট দিয়েছে পিএসএল কর্তৃপক্ষ।
জানা গেছে, মুস্তাফিজকে পেতে লাহোরের খরচ হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি। সরাসরি চুক্তিতে এই অঙ্কেই তাকে দলে ভিড়িয়েছে দলটি।
আইপিএলের আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। তবে আসর শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। সেই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয় আলোচনা-সমালোচনা। পরে মুস্তাফিজ পিএসএল নিলামের জন্য নিবন্ধন করেন।
৩০ বছর বয়সি এই পেসার এর আগে ২০১৮ সালে লাহোরের জার্সিতে ৫ ম্যাচ খেলে ৬.৪৩ ইকোনমি রেটে নিয়েছিলেন ৪ উইকেট। সাম্প্রতিক পারফরম্যান্স ও আন্তর্জাতিক অভিজ্ঞতার কারণে এবারের নিলামে তাকে ঘিরে আগ্রহ থাকবে বলেই ধারণা ছিল। শেষ পর্যন্ত সাবেক দলই তাকে সরাসরি দলে টেনে নিল।
মুস্তাফিজ ইস্যু ঘিরে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থানও আলোচনায় এসেছে। নিরাপত্তা শঙ্কা দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ দল। পাকিস্তানও বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছে।
সব মিলিয়ে কয়েক সপ্তাহের টানাপোড়েনের পর নতুন ঠিকানায় নাম লেখালেন মুস্তাফিজ। পিএসএলের নতুন মৌসুমে লাহোরের বোলিং আক্রমণে আবার দেখা যাবে ‘ফিজ’কে।
ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৬/টিএ



























