Connect with us
ক্রিকেট

পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে ক্রীড়া উপদেষ্টার পোস্ট

Asif Nazrul
পাকিস্তান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন ক্রীড়া উপদেষ্টা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার পাকিস্তানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ধন্যবাদ জানান।

বুধবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারত ম্যাচ বর্জনের যে সিদ্ধান্ত পাকিস্তান নিয়েছে, সেটি প্রকাশ্যে ব্যাখ্যা করায় তিনি কৃতজ্ঞ। তাঁর মতে, পাকিস্তান স্পষ্ট করে জানানোয় বিষয়টি এখন আর অনুমানের মধ্যে নেই।

এর আগে মন্ত্রিসভার বৈঠকে শেহবাজ শরীফ বলেন, খেলাধুলার ময়দানে রাজনীতির স্থান নেই। সেই অবস্থান থেকেই ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশের পাশে দাঁড়ানোকে পাকিস্তান সরকার যথাযথ সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করছে।



ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ শ্রীলঙ্কায় হওয়ার কথা। তা সত্ত্বেও বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচটি বর্জনের সিদ্ধান্ত ঘিরে আলোচনা শুরু হয় বিভিন্ন মহলে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে।

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। পরে আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিলে বিষয়টি আরও বিতর্ক তৈরি করে। এই প্রেক্ষাপটেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়।

ক্রীড়া উপদেষ্টার প্রকাশ্য ধন্যবাদ বার্তা দুই দেশের অবস্থানকে আরও স্পষ্ট করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্বকাপ শুরুর আগে এই ইস্যুতে কূটনৈতিক ও ক্রীড়া অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

এর আগে বাংলাদেশকে সমর্থন জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা করেছে পাকিস্তান।

এদিকে, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। টুর্নামেন্টের সবচেয়ে বড় বাণিজ্যিক আকর্ষণ হিসেবে বিবেচিত ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আইসিসিও চাপে রয়েছে। পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে, এখন সেদিকেই নজর ক্রিকেট বিশ্বের।

ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট