
লিগ কাপ সেমিফাইনালের ফিরতি লেগে নিউক্যাসলের মুখোমুখি হওয়ার আগে ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে ফুটবল নয়, মানবিক সংকট নিয়েই বেশি কথা বললেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির এই কোচ জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সংঘাতে নিরীহ মানুষের মৃত্যু ও দুর্ভোগ তাকে গভীরভাবে নাড়া দেয়, আর সে কারণেই তিনি এ নিয়ে কথা বলা বন্ধ করবেন না।
সম্প্রতি বার্সেলোনায় এক দাতব্য অনুষ্ঠানে ফিলিস্তিনি শিশুদের পক্ষে বক্তব্য দেওয়ায় আলোচনায় আসেন গার্দিওলা। সে কারণে গত সপ্তাহে টটেনহামের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না তিনি। বিষয়টি নিয়ে সমালোচনা হলেও স্প্যানিশ কোচ পরিষ্কার করে দিয়েছেন, মাঠের বাইরের মানবিক ইস্যুতে নিজের অবস্থান বদলানোর ইচ্ছে নেই।
মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন গার্দিওলা। বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ এলাকায় শিশুদের নিহত ও আহত হওয়ার ভিডিও দেখলে তার কষ্ট হয় বলে জানান তিনি। ফিলিস্তিন, ইউক্রেন ও সুদানের পরিস্থিতির পাশাপাশি যুক্তরাষ্ট্রে অভিবাসন–সংক্রান্ত সহিংসতার ঘটনাও তাকে ব্যথিত করেছে।
গার্দিওলার ভাষ্যমতে, বর্তমান সময়ে প্রযুক্তির কারণে বিশ্ববাসী সরাসরি এসব দৃশ্য দেখতে পাচ্ছে। আগে যা দূরের খবর ছিল, এখন তা চোখের সামনে। তার মতে, মতাদর্শ বা রাজনৈতিক অবস্থানের নামে নিরীহ মানুষের প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাজার হাজার মানুষের মৃত্যু তাকে ব্যক্তিগতভাবে ব্যথিত করে।
তিনি আরও বলেন, যারা যুদ্ধ বা সহিংসতার কারণে দেশ ছাড়তে বাধ্য হয়, তাদের সঠিক বা ভুলের বিচারে না গিয়ে আগে মানুষ হিসেবে দেখাটা জরুরি। সমুদ্রে জীবন বাঁচাতে ঝুঁকি নেওয়া মানুষদের উদ্ধারে এগিয়ে আসার আহ্বানও জানান সিটির কোচ।
গার্দিওলার মতে, মানবসভ্যতা প্রযুক্তি ও উন্নয়নে অনেক দূর এগিয়েছে, কিন্তু একই সময়ে মানুষে মানুষে সহিংসতা থামাতে পারেনি। তাই সুযোগ পেলেই ন্যায়বিচার ও মানবিকতার পক্ষে কথা বলবেন তিনি। তার মতে, চুপ করে থাকা নয় মানুষের পক্ষে দাঁড়ানোই দায়িত্ব।
ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৬/টিএ






























