Connect with us
ক্রিকেট

পাইলটের সঙ্গে সাংবাদিকের অনাকাঙ্ক্ষিত ঘটনায় কোয়াবের উদ্বেগ প্রকাশ

Pilot
খালেদ মাসুদ পাইলটের পক্ষে কোয়াবের বিবৃতি। ছবি: সংগৃহীত

সাবেক জাতীয় অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে ঘিরে সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে সংগঠনটি বলেছে, এ ধরনের পরিস্থিতি ক্রিকেট অঙ্গনের জন্য শুভ নয়।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোয়াব তাদের অবস্থান পরিষ্কার করে। সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, সংবাদ সম্মেলনের মতো পেশাদার পরিসরে পারস্পরিক শ্রদ্ধা ও সংযম বজায় রাখা অত্যন্ত জরুরি। সেখানে কোনো ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হওয়া কাম্য নয়।

কোয়াবের মতে, ক্রিকেটীয় আলোচনায় মতপার্থক্য থাকতেই পারে। কঠিন প্রশ্নও আসতে পারে। তবে মতভিন্নতা প্রকাশ বা তার জবাব দেওয়ার সময় পেশাগত শালীনতা বজায় রাখা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংযম ও পারস্পরিক সম্মান বজায় রাখলেই এমন পরিস্থিতি এড়ানো সম্ভব।



সংগঠনটি আরও জানায়, ক্রিকেটের সঙ্গে জড়িত প্রত্যেক পক্ষ খেলোয়াড়, কোচ, বোর্ড কর্মকর্তা, সমর্থক ও ক্রীড়া সাংবাদিক সবার মর্যাদা সমানভাবে গুরুত্বপূর্ণ। একটি সুস্থ ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতে হলে এই পারস্পরিক সম্মানবোধ বজায় রাখা জরুরি।

ঘটনাটি নিয়ে বিস্তারিত ব্যাখ্যায় না গেলেও ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সেই প্রত্যাশা জানিয়েছে কোয়াব। তাদের মতে, আলোচনার পরিবেশ ইতিবাচক ও দায়িত্বশীল থাকলেই বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে।

সম্প্রতি বিসিবির কার্যালয় এবং স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে সম্প্রতি বেশকিছু বিধিনিষেধ তৈরি করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এদিকে, নির্ধারিত সূচি অনুসারে বিসিবির গ্রাউন্ডস কমিটির কয়েকটি প্রজেক্ট নিয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট।

সাংবাদিকদের প্রবেশে নিরাপত্তা ঝুঁকি ঠিক কোথায়, সেটা স্পষ্টভাবে জানতে চান সাংবাদিকরা। তবে উপস্থিত দুই বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক এবং পাইলট কেউই এর সদুত্তর দিতে পারেননি। সাংবাদিক বিষয়টি জোরালোভাবে উত্থাপন করলে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান পাইলট জানান, সাংবাদিকের প্রশ্ন করার ভঙ্গি ভালো লাগেনি তার, সে কারণে তিনি উত্তর দিতে চান না। ভিউ বাড়ানোর জন্য ওই সাংবাদিক এমন প্রশ্ন করছেন বলেও মন্তব্য করেন পাইলট। শেষ পর্যন্ত ব্রিফিংস্থল ত্যাগ করেন পাইলট এবং রাজ্জাক।

সেসময় উত্তপ্ত পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেন উপস্থিত সাংবাদিকরা।

ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট