Connect with us
ফুটবল

ইয়ামালের গোলে কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনা

Barcelona
সেমিফাইনালে বার্সেলোনা। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদকে বিদায় করে আলোচনায় আসা আলবাসেত এবার প্রায় চাপে ফেলেই দিয়েছিল বার্সেলোনাকে। দ্বিতীয় স্তরের দলটির মাঠে গিয়ে শেষ পর্যন্ত ২-১ গোলের কঠিন জয় তুলে নিয়ে কোপা দেল রের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল।

মঙ্গলবার রাতে শুরু থেকেই বল দখলে আধিপত্য ছিল কাতালানদের। ম্যাচজুড়ে ৭২ শতাংশ পজেশন, ১৬টি শট তার মধ্যে ৬টি লক্ষ্যে। পুরো খেলায় স্বস্তিতে থাকতে পারেনি বার্সা। যদিও শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পায় বার্সা।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সফরকারীরা। মার্কাস রাশফোর্ডের শট মিস হয়ে যায়। ইংলিশ ফরোয়ার্ড বেশ কয়েকবার ডান প্রান্তে গতি দেখালেও শেষ মুহূর্তে গোল করতে পারেননি। প্রথমার্ধে আলবাসেতও বড় কোনো চাপ তৈরি করতে পারেনি।



তবে এই অবস্থা ভাঙে ৩৯ মিনিটে। রাশফোর্ড ও ফ্রেংকি ডি ইয়ংয়ের সমন্বয়ে গড়া আক্রমণ থেকে ভলিতে জালে বল জড়ান লামিনে ইয়ামাল। টানা চার ম্যাচে গোল করলেন ১৮ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড। বিরতির আগে দানি ওলমোর একটি হেড বাইরে দিয়ে গেলে ব্যবধান বাড়েনি।

দ্বিতীয়ার্ধে শুরুতে দু’দলই সুযোগ নষ্ট করে। ৫৬ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্দ আরাউহো। চলতি মৌসুমে এটি তার তৃতীয় গোল।

দুই গোলে পিছিয়ে পড়ার পর গতি বাড়ায় আলবাসেত। ৮৩ মিনিটে তাদের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে চার মিনিট পর হাভিয়ের মোরেনোর হেডে ব্যবধান কমে ২-১। ম্যাচ তখন পুরোপুরি খোলা। শেষ দিকে ফেররান তোরেসের একটি গোলও অফসাইডে কাটা পড়ে। যোগ করা সময়ে আলবাসেতের শেষ চেষ্টাটি গোললাইন থেকে রুখে দেন বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া।

লড়াইটা সহজ ছিল না। রবার্ট লেভান্ডফস্কি একাধিক সুযোগ নষ্ট করেছেন, রক্ষণেও কয়েকবার ছন্দপতন দেখা গেছে। তবু শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল