
একজন ক্রিকেটারের আইপিএল চুক্তি বাতিলের ঘটনাকে ঘিরে যে বিতর্ক শুরু হয়েছিল, তা এখন পৌঁছে গেছে টি–টোয়েন্টি বিশ্বকাপের আর্থিক সমীকরণে। মুস্তাফিজুর রহমানের ৯ কোটি ২০ লাখ রুপির চুক্তি বাতিলের পর উপমহাদেশের ক্রিকেট রাজনীতিতে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তার প্রভাব পড়ছে বৈশ্বিক আসরের আয়–ব্যয়ের হিসাবেও।
গত বছরের ১৬ ডিসেম্বর আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি এই পেসারকে দলে নেয় ৯ কোটি ২০ লাখ রুপিতে। দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এটি ছিল গর্বের খবর। তবে ৩ জানুয়ারি হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। ভারতে উগ্রপন্থী গোষ্ঠীর আপত্তির প্রেক্ষিতে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিটিকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। এরপর থেকেই বিষয়টি মাঠের বাইরের বড় আলোচনায় রূপ নেয়।
মুস্তাফিজকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কার কথা তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বাইরে ম্যাচ খেলার অনুরোধ জানায়। সে অনুরোধ গৃহীত না হওয়ায় শেষ পর্যন্ত আইসিসি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়। এর পরিবর্তে সুযোগ পায় স্কটল্যান্ড।
এরই ধারাবাহিকতায় পাকিস্তানও ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ না খেলার ঘোষণা দেয়। দুই প্রতিবেশীর রাজনৈতিক টানাপোড়েন নতুন নয়, তবে এবার সেটি সরাসরি প্রভাব ফেলেছে ক্রিকেট সূচিতে। ফলে প্রশ্ন উঠেছে, আর্থিকভাবে সবচেয়ে বড় ধাক্কাটা কার?
ভারত–পাকিস্তান ম্যাচ আইসিসির জন্য সবসময়ই বড় বাজার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, এই একটি ম্যাচ ঘিরেই প্রায় ৫০ কোটি মার্কিন ডলারের বাণিজ্যিক মূল্য জড়িয়ে থাকে। বাংলাদেশি মুদ্রায় যা ৬ হাজার কোটির বেশি। ম্যাচটি না হলে সম্প্রচারস্বত্ব, স্পনসরশিপ ও বিজ্ঞাপন আয়ের বড় অংশ থেকে বঞ্চিত হতে পারে আইসিসি। এতে সদস্য দেশগুলোর লভ্যাংশেও প্রভাব পড়বে।
কয়েক দিন আগেও আলোচনায় ছিল বাংলাদেশ না খেললে আইসিসির সম্ভাব্য ক্ষতি কত। পিটিআইয়ের হিসেবে সেই অঙ্ক ছিল ৩৩০ কোটির বেশি। এখন আলোচনার কেন্দ্রবিন্দু ভারত–পাকিস্তান ম্যাচ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে ব্যঙ্গাত্মক মন্তব্য একজন ক্রিকেটারের ৯ কোটি রুপি আয় বন্ধ করতে গিয়ে হাজার হাজার কোটি টাকার ঝুঁকি তৈরি হয়েছে।
ক্রিকেট যেখানে ব্যাট–বলের লড়াই হওয়ার কথা, সেখানে এখন আলোচনার কেন্দ্রে অর্থ ও কূটনীতি। মুস্তাফিজের ৯ কোটি রুপির চুক্তি বাতিল দিয়ে শুরু হওয়া ঘটনাপ্রবাহ শেষ পর্যন্ত আইসিসির হাজার হাজার কোটি টাকার সমীকরণে গিয়ে ঠেকেছে।
ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৬/টিএ



























