Connect with us
ক্রিকেট

অদম্য টি–টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেলেন তাসকিন

Taskin opens up about friend's allegations, what does BCB say
তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সূচি থাকলেও আন্তর্জাতিক মঞ্চে দেখা যাবে না বাংলাদেশকে। ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া আসর থেকে নিরাপত্তাজনিত ইস্যুতে সরে দাঁড়ানোর পর আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে। এমন প্রেক্ষাপটে জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ-ফিট রাখতে ঘরোয়া একটি বিশেষ টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

‘অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপ ২০২৬’ নামে তিন দলের এই প্রতিযোগিতা শুরু হচ্ছে ৫ ফেব্রুয়ারি। রোববার স্কোয়াড ঘোষণার সময় ধূমকেতু দলে রাখা হয়েছিল জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেলেন তিনি।

সাইনাসজনিত সমস্যায় ভুগছেন তাসকিন। দুই দিন আগে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন এই ডানহাতি পেসার। চিকিৎসকের নির্দেশ অনুযায়ী কয়েকদিন বিশ্রামে থাকতে হবে তাকে। ফলে পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়াতে হচ্ছে। বিসিবি সূত্র জানিয়েছে, তার জায়গায় ধূমকেতু দলে অন্তর্ভুক্ত করা হয়েছে পেসার মুকিদুল ইসলাম মুগ্ধকে।



তিন দল নিয়ে আয়োজিত এই আসরে ফাইনালসহ মোট ম্যাচ চারটি। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি দলগুলো একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ৯ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বিসিবি জানিয়েছে, ক্লাব হাউজ গ্যালারিতে বসে শিক্ষার্থীরা বিনামূল্যে ম্যাচ দেখতে পারবেন। সে ক্ষেত্রে স্কুল বা কলেজের ইউনিফর্ম অথবা বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। মূলত দর্শক জনপ্রিয়তা আর ম্যাচের উত্তেজনা বাড়াতেই বিসিবির এই সিদ্ধান্ত।

ধূমকেতু স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম।

বিশ্বকাপ না থাকলেও মাঠের ক্রিকেটে ব্যস্ততা ধরে রাখতেই এই উদ্যোগ এমনটাই জানাচ্ছে বিসিবি সূত্র। এখন দেখার বিষয়, নতুন নিয়ম আর তারকাবহুল তিন দলের লড়াই কতটা জমিয়ে তুলতে পারে ঘরোয়া টি-টোয়েন্টির এই বিশেষ আসর।

ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট