
বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে আবারও মুখোমুখি অবস্থানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গতবছর পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সামরিক সংঘাতে জড়িয়েছিল দুইপক্ষ, তার প্রভাব পড়েছিল খেলার মাঠেও। এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বিদ্রোহী সংস্থা খোলার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।
আইসিসিকে ভারতের কাছে জিম্মি প্রতিষ্ঠান উল্লেখ করে কিছুদিন ধরে গুঞ্জন ওঠা বিকল্প ক্রিকেট সংস্থার কথা বলেন আসিফ। ক্রিকেটকে ভদ্রলোকের খেলা উল্লেখ করে তিনি ক্রিকেটীয় স্পিরিট রক্ষায় বিদ্রোহী সংগঠন প্রয়োজন বলে জানিয়েছেন।
এক্সে একটি পোস্ট শেয়ার দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। যেখানে বলা হয়, বাংলাদেশকে ফিরিয়ে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করলেই কেবল পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন বলছে, পাকিস্তানের বয়কটের সিদ্ধান্তে গর্তে পড়েছে আইসিসি। বড় অঙ্কের রাজস্ব হাতছাড়া হওয়ার শঙ্কায় সেই সিদ্ধান্ত বদলাতে বিশ্ব ক্রিকেট সংস্থাটি পিসিবির পাকিস্তানের দ্বারস্থ হয়েছে।
শেয়ার করা রিটুইটের ক্যাপশনে খাজা আসিফ লিখেছেন, ‘ক্রিকেটের নতুন একটি আন্তর্জাতিক সংস্থা প্রয়োজন, যাতে ভদ্র লোকের খেলাটির স্পিরিট বজায় থাকে। দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি হয়ে আছে আইসিসি।’
সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বিশ্বকাপ সূচিতে থাকা ভারত-পাকিস্তান ম্যাচের ১৫ দিন আগেই এলো বয়কটের ঘোষণা। এর মধ্য দিয়ে সম্ভাব্য বিকল্প ভাবতে আইসিসির হাতে যথেষ্ট সময় আছে বলে মনে করে পাকিস্তান। একাধিক ক্রিকেট বোর্ডও আইসিসিকে সহায়তা করছে, যাতে পিসিবির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সমাধানে পৌঁছানো যায়। বৃহৎ আর্থিক লোকসান এড়ানোর লক্ষ্যে আইসিসি ভেতরে ভেতরে পিসিবির সঙ্গে কথা বলছে।
ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি২৬/এআই



























