Connect with us
ক্রিকেট

ভারতে পিএসএলের প্রচার স্বত্ব বিক্রি করছে না পাকিস্তান

Sony Network and PSL
সোনি নেটওয়ার্ক ও পিএসএল। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত মৌসুমে সবগুলো ম্যাচ ভারতে সম্প্রচার করেছে সনি স্পোর্টস নেটওয়ার্ক ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। তবে দুই দেশের রাজনৈতিক উত্তেজনার জেরে ভারতে পিএসএলের আগামী আসরের সম্প্রচার স্বত্ব বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর মতে, গত মৌসুমে প্রচারস্বত্ব বিক্রি করলেও নতুন মৌসুমের আগে ভারতে সম্প্রচার স্বত্ব বিক্রি না করারই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। যার ফলে এখন থেকে ভারতে পিএসএল দেখার সুযোগ থাকবে না।

মাসখানেক আগে ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের প্রতিবাদের মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় বিসিসিআই। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশের সরকার। যার ফলে আগামী আসরের আইপিএল দেখা যাবে না বাংলাদেশে।



ভারতের সাথে পাকিস্তানের নতুন করে বৈরিতার সূত্রপাত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে রাজি না হওয়ায় বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। বাংলাদেশকে বাদ দেওয়ার পর থেকেই এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিল পাকিস্তান, দিয়েছিল বিশ্বকাপ বয়কটের হুমকিও।

তবে শেষ পর্যন্ত বিশ্বকাপে খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণে প্রায় ৬ হাজার কোটি টাকা লোকসানের মুখে পড়বে আইসিসি। এবার ম্যাচ বর্জনের পর পিএসএল নিয়েও ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে তারা।

ক্রিকেটীয় মান, সম্প্রচারের মান এবং পেশাদারিত্বের কারণে কয়েক বছরে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে পিএসএল। টুর্নামেন্টের গত মৌসুমে পাকিস্তানে খেলা দেখানোর দায়িত্ব পেয়েছিল এ স্পোর্টস ও পিটিভি স্পোর্টস। স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ওয়ালি টেকনোলজি, ট্যাপম্যাড, তামাশা, ডারাজ, বেগিন এবং মাইকো।

বাংলাদেশে পিএসএল সম্প্রচার করেছে টি স্পোর্টস। এ ছাড়া ভারতে পিএসএলের ম্যাচ সম্প্রচারের দায়িত্ব পায় ফ্যানকোড ও সনি স্পোর্টস নেটওয়ার্ক। পেহেলগামের ঘটনার পর গত মৌসুমের মাঝ পথে পিএসএল সম্প্রচার বন্ধ করে দেয় ভারতীয় প্রতিষ্ঠান দু’টি। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমগুলো থেকে পিএসএলের পুরোনো ভিডিওগুলোও মুছে ফেলে ফ্যানকোড।

ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট