Connect with us
ক্রিকেট

আইসিসি থেকে সুখবর পেলেন মারুফা-মুস্তারিরা

Marufa Aktar
মারুফা আক্তার ও জান্নাতুল ফেরদৌস। ছবি: সংগৃহীত

বর্তমানে দারুণ সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালে চলমান ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টানা ৫ জয় নিয়ে অপরাজিত থেকে সুপার সিক্স নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল। এবার আইসিসি থেকে সুখবর পেলেন মারুফা আক্তার, সোবহানা মুস্তারিরা।

আজ (মঙ্গলবার) মেয়েদের ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। তালিকায় সবচেয়ে চমক দেখিয়েছেন বাংলাদেশের তারকা পেসার মারুফা আক্তার। তালিকায় ২০৬ ধাপ এগিয়ে ৯২ নাম্বারে উঠে এসেছেন এই পেসার। ৪৩ ধাপ এগিয়ে ৭৪ নাম্বারে উঠে এসেছেন বাংলাদেশী স্পিনার স্বর্ণা আক্তার।

বোলারদের মধ্যে মারুফা, স্বর্ণা ছাড়াও চমক দেখিয়েছেন নাহিদা। ৮ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার।



ব্যাটারদের মধ্যে টুর্নামেন্টে ১৫৪ রান করে তিন ধাপ এগিয়েছেন জ্যোতি। বর্তমানে তার অবস্থান ১৯তম। বাছাইয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৬২ রান করা সোবহানা মোস্তারি ১৬ ধাপ এগিয়ে এখন ৩৬ নম্বরে উঠেছেন। আর পাঁচ ধাপ লাফিয়ে ৬৫ নম্বরে আছেন দিলারা।

বাছাইপর্বে ১৯৫ রান করলেও বড় ধাক্কা খেয়েছেন শারমিন আক্তার সুপ্তা। ১৩ ধাপ পিছিয়ে ৪৮ নম্বরে নেমে গেছেন অভিজ্ঞ ব্যাটার।

এদিকে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অজি ব্যাটার বেথ মোনিই। ২য় ও ৩য় অবস্থানে রয়েছেন ক্যারিবীয়ান ব্যাটার ক্রিস্টিয়ান ম্যাথেউস ও ভারতের স্মৃতি মান্দানা।

বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অজি পেসার অ্যানাবিল সাউদারল্যান্ড। ২য় ও ৩য় অবস্থানে রয়েছেন ভারতের দীপ্তি শর্মা ও পাকিস্তানের সাদিয়া ইকবাল।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও হয়নি পরিবর্তন,  শীর্ষস্থান ধরে রেখেছেন ম্যাথেউস। দল হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া, টাইগ্রেসরা আছে ১০ম অবস্থানে।

ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট