Connect with us
অন্যান্য

সাবেক স্বামীকে ‘বেকার’ বলে বিতর্ক! ক্ষমা চাইলেন এই বক্সিং কিংবদন্তি

Mary Kom
ভারতের বক্সিং কিংবদন্তি মেরি কম। ছবি- সংগৃহীত

একটি মন্তব্য ঘিরে ভারতের বক্সিং কিংবদন্তি মেরি কমের ব্যক্তিগত জীবন পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল। প্রাক্তন স্বামী ওনলারকে ‘বেকার’ বলা এবং ফুটবল নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন ৬ বারের এই বিশ্বচ্যাম্পিয়ন। সেই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ১৮ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০২৩ সালের ডিসেম্বরে। বিচ্ছেদের দুই বছর পর হঠাৎ করেই একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি শুরু করেন এই প্রাক্তন ‘পাওয়ার কাপল’। একটি অনুষ্ঠানে মেরি কম অভিযোগ করেন, তার প্রাক্তন স্বামী ওনলার আসলে ‘বেকার’ ছিলেন এবং এক পয়সা রোজগারের মুরোদ ছিল না তার।

মেরির দাবি ছিল, তিনি নিজে যা উপার্জন করেছেন তার সবটুকুই ওনলারের হাতে তুলে দিয়েছিলেন।



একইসঙ্গে ফুটবলারদের নিয়ে তিনি বলেছিলেন, রাস্তায় ফুটবল খেললেই কেউ সুনীল ছেত্রী হয়ে যায় না।

এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। ক্রীড়াপ্রেমীরা অভিযোগ করেন, মেরি অন্য অ্যাথলেটদের পরিশ্রমকে ছোট করেছেন।

Mary Kom (1)

তীব্র সমালোচনার মুখে ৪৩ বছর বয়সী এই বক্সার একটি দীর্ঘ ভিডিও বার্তা পোস্ট করেছেন। সেখানে তিনি দাবি করেন, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

মেরি বলেন, আমার মন্তব্য কোনো ফুটবলার বা ক্রীড়াবিদের বিরুদ্ধে ছিল না। আমি ফুটবলের বিরুদ্ধেও নই, বরং রাস্তা থেকেই তো সুনীল ছেত্রী বা বাইচুং ভুটিয়ার মতো তারকারা উঠে আসেন।

ভিডিও বার্তায় আবেগপ্রবণ হয়ে মেরি কম বলেন, আমি ওই অনুষ্ঠানে যা বলেছিলাম, তাতে অনেকেই আঘাত পেয়েছেন। তার জন্য বৃহত্তর পুরুষ সমাজের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমি সব পুরুষকে উদ্দেশ্য করে এই কথাটা বলিনি বা কাউকে ছোট করতে চাইনি। মনের ভেতর জমে থাকা কষ্ট থেকেই কথাগুলো বেরিয়ে এসেছিল।

ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি২৬/এসএ

Crifosports announcement

Focus

More in অন্যান্য